হোম > খেলা > ক্রিকেট

ফিক্সিং ইস্যুতে যা বললেন অ্যালেক্স মার্শাল

স্পোর্টস রিপোর্টার

ফিক্সিং ইস্যুতে একজনকে নিষিদ্ধ করেছে বিসিবি। আর চারজনকে সাময়িক বরখাস্ত করেছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ রয়েছে। এর মধ্যেই বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল জানান নিজের অবস্থান।

আজ তিনি আনুষ্ঠানিক ব্যাখ্যায় বলেন, ‘আজ বাংলাদেশের ক্রিকেটকে রক্ষায় গুরুত্বপূর্ণ একটি মাইলফলক স্পর্শ করেছে। চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কোডের বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আছে এবং প্রাথমিকভাবে আজ থেকে তারা নিষিদ্ধ। তারা ১৪ দিনের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে পারবেন; তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নিতে পারেন এবং নিষেধাজ্ঞাও মেনে নিতে পারেন, অথবা ট্রাইব্যুনালে শুনানির জন্য অনুরোধ জানাতে পারেন। একজনকে বহিষ্কার করা হয়েছে। তার মানে তিনি বিশ্বের সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ।’

তিনি আরো বলেন, ‘তাকে বহিষ্কার করা হয়েছে লম্বা সময় ধরে ক্রিকেটে দুর্নীতির প্রমাণ পাওয়ার পর। ম্যাচ ফিক্সিং, যোগাযোগ রাখা এবং বিদেশি বুকিদের সঙ্গে অর্থ আদান-প্রদানের প্রমাণ পাওয়া গেছে।’

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম তদন্ত করে কাউকে ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে নিষিদ্ধ হওয়া মোহাম্মদ আশরাফুল নিজ থেকে ফিক্সিংয়ের ব্যাপারটি স্বীকার করে নিয়েছিলেন।

এ নিয়ে অ্যালেক্স মার্শাল বলেন, ‘২০২৫ সালের নভেম্বরে বিসিবি ইন্টিগ্রিটি ইউনিট গঠনের পর প্রথমবার এমন অভিযোগের তদন্ত শেষ হলো। এই ইউনিট বর্তমানে আরো কিছু ঘটনা তদন্ত করছে। সামনে আরো কিছু ঘটনা সম্পর্কে জানানো হবে।’

বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট কীভাবে কাজ করছে, সে ব্যাপারে বিস্তারিত জানান অ্যালেক্স মার্শাল। তার কথায়, ‘স্বাধীন তদন্ত কমিটির কাছ থেকে পাওয়া ব্যাপারগুলো নিয়ে তদন্ত চলমান আছে। আজ একজনকে বহিষ্কৃত হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। বিসিবি ইন্টিগ্রিটি ইউনিট খেলোয়াড়দের দিকেই শুধু নজর রাখছে না; পাশাপাশি জুয়া-সংক্রান্ত ফিক্সিং ও অন্যান্য দুর্নীতি কার্যক্রমের দিকেও নজর রাখছে। আমাদের লক্ষ্য এ ধরনের দুর্নীতি থেকে ক্রিকেটারদের রক্ষা করা।’

বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে অ্যালেক্স মার্শাল বলেন, ‘ইন্টিগ্রিটি ইউনিটের পক্ষ থেকে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের কাছে কৃতজ্ঞ, যারা সঠিক ক্রিকেট দেখতে চান। যেখানে বাইরের কোনো প্রভাব থাকবে না।’

তিনি আরো যোগ করেন, ‘আমি ক্রিকেটারদের কাছেও কৃতজ্ঞ। পাশাপাশি অন্য সাক্ষীদের কাছে যারা স্বপ্রণোদিত হয়ে দুর্নীতির অভিযোগ এবং সন্দেহজনক ঘটনা সম্পর্কে জানিয়েছেন। আমরা আরো অনেক অভিযোগ পাচ্ছি। তাতে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের পেশাদারিত্ব ও আত্মবিশ্বাস বাড়ছে এবং যারা আমাদের মূল্যবান খেলাকে লক্ষ্য করেছেন, তাদের হতাশা বাড়ছে।’

ভালো ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল করবে না বিসিবি!

তাসকিনকে পেয়ে খুশি শান্ত

প্রতিশোধ দূরে রেখে ভালো খেলার লক্ষ্য পাকিস্তানের

চুক্তি ছাড়াই বিপিএলে খেলেছে সিলেট-নোয়াখালী

মোহামেডানের জয়ের দিনে আবাহনীর হার

ফিক্সিং কান্ডে প্রথম শ্রেণির ক্রিকেটারসহ অভিযুক্ত চারজন

নাহিদ রানা থাকা বাড়তি সুবিধা: শান্ত

‘বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ ভারতের হাতেই’, বিস্ফোরক মন্তব্য প্রোটিয়া স্পিনারের

ইশানের ঝোড়ো সেঞ্চুরি, ইমরানের ম্যাজিকাল ফাইফার

কাউন্সিলর তালিকা জমার শেষ তারিখ ১৬ মে