হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের সামনে সহজ পথ

এশিয়ান গেমস ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গত শুক্রবার জাপানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল শনিবার নির্ধারিত কোনো অনুশীলন ছিল না লিটন দাস-নাজমুল শান্তদের। ফলে আইচি নাগোয়ার সাকাইয়ের হোটেলে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। অনেকে আবার গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আশপাশে ঘুরে বেড়িয়েছেন।

গতকাল নাগোয়ায় দিনভর বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে এদিনের দুটি ক্রিকেট ম্যাচও। আজ সকাল ১০টায় করোগি স্পোর্টস পার্কে অনুশীলনের সূচি ছিল লিটনদের। তবে সারা দিন বৃষ্টির কারণে সেটাও আর সম্ভব হচ্ছে না। পরিস্থিতির উন্নতি হলে দিনের যেকোনো সময় অনুশীলনের অনুমতি পেতে পারে টাইগাররা।

জাপান থেকে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, ‘কাল সকালে প্র্যাকটিসের সূচি ছিল। কিন্তু গেমস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির জন্য আগামীকাল সকালে মাঠে অনুশীলন করা যাবে না। দিনের কোন সময় করা যাবে সেটা তারা আজ রাতে জানাবে।’

পূর্ণ সদস্য দেশ হিসেবে এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। গতকাল টাইগারদের সেরা আটের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। করোগি স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ অবশ্য নির্ধারিত হয়েছে বৃষ্টির মাধ্যমে। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। শনিবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি হওয়ার কথা ছিল মালয়েশিয়া এবং ওমানের মধ্যে। কিন্তু টানা বৃষ্টিতে ম্যাচে টসই করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। পয়েন্ট ভাগ করা হলে গ্রুপ চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া।

শক্তির বিচারে মালয়েশিয়ার এই দলের চেয়ে অনেকটা এগিয়ে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বের ম্যাচে হংকংকে উড়িয়ে দিয়ে এই পর্বে এসেছে দলটি। ফলে আত্মবিশ্বাসে কোনো ঘাটতি থাকার কথা নেই তাদের। এছাড়া অতীত অভিজ্ঞতাও আশা জোগাচ্ছে তাদের।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে, ২০২৩ সালের চীন এশিয়ান গেমসে। সেবারও কোয়ার্টার ফাইনালের ম্যাচেই দুদলের দেখা হয়েছিল। লো স্কোরিং ওই ম্যাচে বাংলাদেশকে প্রায় হারিয়েই দিয়েছিল মালয়েশিয়া। তবে শেষ ওভারে আফিফ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে মালয়েশিয়ানদের হাত থেকে জয়টা ছিনিয়েই আনে বাংলাদেশ। শেষ ওভারে ৫ রান তাড়া করতে গিয়ে ২ রানে হারে মালয়রা।

তবে বাস্তবতার নিরিখে এবার মালয়েশিয়ানদের পরীক্ষাটা পাহাড়সম। কারণ ২০২৩ সালে যে দলের সঙ্গে লড়াই করেছিলেন তারা, সেটা ছিল বাংলাদেশের দ্বিতীয় সারির দল। তবে এবারই প্রথম এশিয়ান গেমসে পূর্ণশক্তির টি-টোয়েন্টি দল পাঠিয়েছে বাংলাদেশ। ফলে জিততে হলে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে হবে মালয়েশিয়াকে।

অন্যদিকে, টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে থাকা বাংলাদেশের জন্য র‍্যাংকিংয়ের ২৫ নম্বরে থাকা মালয়েশিয়া তেমন কোনো বড় বাধা হওয়ার কথা নয়। এখন পর্যন্ত যে কয়েকটি ম্যাচ হয়েছে, সেখানে বোলিং সহায়ক উইকেট দেখা গেছে। অনেকাংশে বোলিং নির্ভর দল হওয়ায় পিচ থেকেও সুবিধা পাবে বাংলাদেশই। ফলে এই ম্যাচটা সহজেই উতরে যাওয়া উচিত টাইগারদের।

এই ম্যাচে টপকে গেলে হংকং ও পাকিস্তানের মধ্যকার কোয়ার্টার ফাইনালে ওঠা দলের বিপক্ষে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। সেই লড়াইয়ে যে পাকিস্তান এগিয়ে থাকবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

তবে পাকিস্তানের বিপক্ষে সেমির লড়াইয়ে যদি বাংলাদেশ পড়ে, সেক্ষেত্রেও টাইগাররা এগিয়ে থাকতে পারে। কারণ এশিয়ান গেমসের এবারের আসরেও পূর্ণশক্তির দল পাঠায়নি পাকিস্তান। সাইম আইয়ুব, সিহাবজাদা ফারহান, আবরার আহমেদসহ কয়েকজন আন্তর্জাতিক ক্রিকেটার থাকলেও বেশির ভাগ ক্রিকেটারই তরুণ। অন্যদিকে, বাংলাদেশের এই স্কোয়াডের সবাই টি-টোয়েন্টি স্কোয়াডের নিয়মিত সদস্য। ফলে ফাইনাল পর্যন্ত যাওয়ার রাস্তাটা তেমন কঠিন হওয়ার কথা নয় বাংলাদেশের।

তবে বাংলাদেশের ফাইনাল খেলার পথে বড় বাধা হতে পারে বৃষ্টি। জাপানে এই মৌসুমটাতে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে যদি সেমিফাইনাল ম্যাচ পরিত্যক্ত হয়, সেক্ষেত্রে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে উঠে যাবে পাকিস্তান।

বিশ্বমঞ্চেই গুডবাই বলবেন কিং কোহলি

খালেদের ৫ উইকেট, প্রমোশন নিশ্চিত কেন্টের

বয়সসীমা ২৫, ম্যাচ ফিক্সিং নিয়ে 'সিরিয়াস' বিসিবি

সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুলকে বিসিএসএ’র বিশেষ সম্মাননা

ছোট পর্দায় ক্রিকেটের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ

জাপানে পা রাখল বাংলাদেশের ক্রিকেটাররা

কেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে খালেদের ৩ উইকেট

এনসিএলের ৮ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

আফগানিস্তানকে হারিয়ে নেপালের চমক

লাল বলের এনসিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা, স্কোয়াড ঘোষণা ৪ দলের