হোম > খেলা > ক্রিকেট

ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রতিমন্ত্রীকে সাংবাদিকদের প্রস্তাব

জেলা ক্রীড়া কর্মকর্তা নিয়োগ থেকে স্কুলভিত্তিক খেলাধুলায় জোর

স্পোর্টস রিপোর্টার

দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে নানা সুপারিশ তুলে ধরেছেন ক্রীড়া সাংবাদিকরা। প্রশাসনিক সংস্কার, তৃণমূল উন্নয়ন, অবকাঠামো বৃদ্ধি এবং খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখাসহ বিভিন্ন বিষয়ে তারা বিস্তারিত প্রস্তাব দিয়েছেন। আজ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিভিন্ন দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই প্রস্তাবগুলো করা হয়।

সাংবাদিকদের মতে, দেশের প্রতিটি জেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেওয়া জরুরি। এ ক্ষেত্রে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে, যাতে মাঠের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগে।

বর্তমানে গঠিত অ্যাডহক কমিটি দ্রুত ভেঙে দিয়ে জেলা ও উপজেলায় নির্বাচনের মাধ্যমে প্রকৃত ক্রীড়াপ্রেমীদের দায়িত্বে আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে অ্যাডহক কমিটি ভেঙে নির্বাচন আয়োজনের আগে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবও দেওয়া হয়েছে, যাতে বর্তমান কমিটির সদস্যরা পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে পারেন।

ফুটবল ও ক্রিকেটের বাইরে অন্যান্য খেলাধুলার উন্নয়নেও নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে অর্জনের ভিত্তিতে ফেডারেশনগুলোর মূল্যায়ন এবং আর্চারি ও শ্যুটিংয়ের মতো সম্ভাবনাময় খেলায় বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ক্রীড়া সংগঠকদের ভূমিকার স্বীকৃতি ও গুরুত্ব বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।

অবকাঠামোগত উন্নয়নকে ক্রীড়ার অগ্রগতির অন্যতম শর্ত হিসেবে তুলে ধরে মাঠ, প্রশিক্ষণ সুবিধা ও সরঞ্জাম বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। তৃণমূল পর্যায়ে খেলাধুলা বিস্তারে শিক্ষাব্যবস্থাকে যুক্ত করার ওপরও জোর দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রমের চতুর্থ শ্রেণি থেকে প্রতিটি স্কুলে অন্তত পাঁচটি ক্রীড়া ইভেন্ট বাধ্যতামূলক করার প্রস্তাব এসেছে।

এছাড়া বিকেল ৫টা পর্যন্ত স্কুলের মাঠ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা এবং নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার বিষয়েও জোর দিয়েছেন সাংবাদিকরা। তাদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নির্বাচনভিত্তিক নেতৃত্বই সবচেয়ে কার্যকর।

এছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-কে প্রতিটি ফেডারেশনের জন্য আরও কার্যকরভাবে ব্যবহার করার সুপারিশ করা হয়েছে, যাতে দেশের প্রতিভাবান খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ ও সুযোগ দেওয়া যায়। সামগ্রিকভাবে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভারতের সামনে ১৮৮ রানের লক্ষ্য দিল প্রোটিয়ারা

শ্রীলঙ্কাকে উড়িয়ে সুপার এইটে দুর্দান্ত শুরু ইংল্যান্ডের

ভারতের কাছে হেরে রানারআপ বাংলাদেশ

যৌন হেনস্তার অভিযোগে নিষিদ্ধ মঞ্জুরুল

বিসিবিতে পরিবর্তন হলে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা: ফারুক আহমেদ

কোচ সালাউদ্দিনের ‘কোমাতত্ত্ব’ ও কিছু প্রশ্ন

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির জয়, পয়েন্ট ভাগাভাগি

বিসিএলে হবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি

মাসসেরা হওয়ার দৌড়ে মোস্তারি

ক্রিকেটার, ফিফা ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শ্রদ্ধা