পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি জিতলেও দ্বিতীয় ওয়ানডেতে হেরে গেছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডে হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী। এই ম্যাচে টসে হেরেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। খেলা শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।
বাংলাদেশ দলে কোনো বদল নেই। আগের দুই ম্যাচের একাদশ নিয়েই সিরিজ নির্ধারনী ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছিল ওপেনিং জুটিতে এই ম্যাচে ফিরবেন সৌম্য সরকার। কিন্তু ব্যাটিং ও বোলিংয়ে আগের দুই ম্যাচের একাদশের ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।।এই ম্যাচে জিতলে সিরিজের ট্রফির সঙ্গে ওয়ানডে র্যাঙ্কিংয়েও বাংলাদেশের উন্নতি হবে। দশ থেকে ন’য়ে ফিরবে দল। ২০২৭ বিশ্বকাপে অংশ নিতে হলে র্যাঙ্কিংয়ে এই উন্নতি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
উইকেটে হালকা ঘাসের উপস্থিতি জানাচ্ছে মিরপুরের এই উইকেটেও পেসারদের জন্য অনেককিছু থাকছে। বাড়তি মুভমেন্ট, সুইং পাবেন পেসাররা। এমন উইকেটে আগে বোলিংয়ের সুবিধা নিতেই পাকিস্তান টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে পুরোদুস্তর ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে পেস সহায়ক উইকেটে বড় রান জমা করার চ্যালেঞ্জ নিয়েই ব্যাটিংয়ে নেমেছে মেহেদি হাসান মিরাজের দল। তিন ম্যাচের সিরিজে এই প্রথম বাংলাদেশ আগে ব্যাটিং করছে।
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ ; সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সালমান আগা, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।