হোম > খেলা > ক্রিকেট

চোটে শেষ বিশ্বকাপ স্বপ্ন, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জাপান অধিনায়কের

স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপে খেলার স্বপ্নই ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় লক্ষ্য। কিন্তু চোটের নির্মম আঘাতে সেই স্বপ্ন ভেঙে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দো। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে অবসরের ঘোষণা দিয়ে জাপানি ফুটবলে এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি টানলেন অভিজ্ঞ এই মিডফিল্ডার।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে আগামী রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে জাপান। তবে দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দের একজন এন্দোকে ছাড়াই মাঠে নামতে হবে ‘সামুরাই ব্লু’দের। পায়ের চোট থেকে প্রত্যাশিত সময়ে পুরোপুরি সেরে উঠতে না পারায় বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়েন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। এরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন তিনি।

গত ফেব্রুয়ারিতে ক্লাব ফুটবলে লিভারপুলের হয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন এন্দো। সেই চোটে মৌসুমের বাকি অংশ মাঠের বাইরে কাটাতে হয় তাঁকে। দীর্ঘ পুনর্বাসন শেষে গত ৩১ মে টোকিওতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে ফিরলেও দ্বিতীয়ার্ধে অস্বস্তি অনুভব করায় আর খেলা চালিয়ে যেতে পারেননি।

তবুও বিশ্বকাপে খেলার আশা ছাড়েননি জাপানের অধিনায়ক। গত সোমবার ন্যাশভিলে দলের বেস ক্যাম্পেও যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মেডিকেল পরীক্ষায় পুরোপুরি ফিট বিবেচিত না হওয়ায় বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাঁর।

অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় এন্দো লিখেছেন, ‘ভবিষ্যতে এমন একটি দিন অবশ্যই আসবে, যখন জাপান বিশ্বকাপ জিতবে। সেই বিশ্বাস নিয়েই সবাইকে দলকে সমর্থন দিতে হবে। আমি জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে একজন সমর্থক হিসেবেই জাপানের পাশে থাকব।’

বিশ্বকাপে খেলতে না পারার হতাশাও লুকাননি তিনি। এন্দো বলেন, ‘ইনজুরির পর সুস্থ হওয়ার জন্য আমি আমার সর্বোচ্চটা দিয়েছি। তাই কোনো আফসোস নেই। কিন্তু বিশ্বকাপে খেলতে না পারাটা অবশ্যই কষ্টের। তার চেয়েও বড় বিষয়, কাতার বিশ্বকাপে এই দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। আমরা এমন একটি মানসিকতা তৈরি করতে পেরেছিলাম, যেখানে বিশ্বকাপ জেতাকেই লক্ষ্য হিসেবে দেখা হয়।’

২০১৫ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর জাপানের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডারে পরিণত হন এন্দো। দেশের হয়ে ৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি এবং করেছেন ৪ গোল। ২০১৮ ও ২০২২—টানা দুই বিশ্বকাপেই জাপানের প্রতিনিধিত্ব করেছেন এই মিডফিল্ডার। বিশেষ করে কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে আলোড়ন তোলা জাপান দলের নেতৃত্বে ছিলেন তিনি।

২০২৬ বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস, সুইডেন ও তিউনিসিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের অপেক্ষায় রয়েছে জাপান। তবে সেই অভিযানে দলের ডাগআউটে বা মাঠে নয়, এবার গ্যালারির একজন সমর্থক হিসেবেই থাকবেন ওয়াতারু এন্দো।

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩