হোম > খেলা > ক্রিকেট

তিন সিনিয়রের পারফরম্যান্সে বাংলাদেশের সিরিজ জয়

পার্থ রায়, চট্টগ্রাম থেকে

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ ট্রফি নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের উল্লাস। ছবি: বিসিবি

সমুদ্র থেকে হাতছোঁয়া দূরত্বে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। ফলে গরমের সময়ে আর্দ্রতার প্রভাব বেশ ভালোভাবেই টের পাওয়া যায় স্টেডিয়াম এলাকায়। গতকাল বেলা ১১টায় যখন ম্যাচ শুরু হয়, তখন চট্টগ্রামের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তাতে স্পষ্ট মাঠে ক্রিকেটারদের জন্য সময় কতটা কঠিন ছিল। এমন দিনে জ্বলে উঠলেন দলের তিন সিনিয়র ক্রিকেটার—নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। ব্যাট হাতে দলকে জয়ের পুঁজি এনে দেওয়ার নায়ক শান্ত-লিটন আর বল হাতে ফাইফার নিয়ে নিউজিল্যান্ডকে ধসিয়ে দেন মোস্তাফিজুর রহমান। তাতে ৫৫ রানে জয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

গতকাল দিনের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা যেমন ছিল বিভীষিকাময়, ঠিক তেমনি এগোলে হয়তো ম্যাচ শেষ হতো বিকাল হওয়ার আগেই। তবে ম্যাচ সেই পথে এগোতে দেননি নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুজন মিলে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ১৬০ রান! তাতেই মূলত বাংলাদেশ পায় ২৬৫ রানের সংগ্রহ। পরে বল হাতে মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার বোলিং তোপে ২১০ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে চিরায়িত ধীরগতির শুরুটাই করে নিউজিল্যান্ড। গত পরশু ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উইল ও’রোর্ক বলেছিলেন, উইকেট বুঝে এগোতে চান তারা। হয়তো বোঝার জন্যই ব্যাটাররা এগোচ্ছিলেন ধীরগতিতে। তবে উইকেট বুঝে ওঠার আগেই কিউই ওপেনার হেনরি নিকোলসকে ফেরান মোস্তাফিজুর রহমান। তার বিদায়ের পর আরো ধীরগতিতে এগোনোর পরিকল্পনা আঁটে নিউজিল্যান্ড। ফল পাওয়ার প্লেতে দলটির সংগ্রহ মাত্র ৩৩ রান।

পাওয়ার প্লের পর আউট হন অভিজ্ঞ উইল ইয়ং ও টম লাথাম। ইয়ংকে ফেরান নাহিদ রানা ও লাথাম আউট হন অধিনায়ক মেহেদি হাসান মিরাজের বলে। তাতে স্কোরবোর্ডে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৬১ রান। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন ওপেনার নিক কেলি ও মুহাম্মদ আব্বাস। চতুর্থ উইকেটে দুজনে মিলে যোগ করেন ৫১ বলে ৪৭। ওপেনার কেলিকে ফিরিয়ে এ জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। তার ব্যাটে আসে ৫৯ রান।

পরে একে একে নাথান স্মিথ, জেইডেন লেনক্স ও উইল ও’রোর্ককে ফেরান মোস্তাফিজুর রহমান। তাতে সাত বছর পর ফাইফারের দেখা পান মোস্তাফিজুর রহমান। এর আগে ২০১৯ বিশ্বকাপে সবশেষ ফাইফারের দেখা পেয়েছিলেন এ বাঁহাতি বোলার। গতকাল ৪৩ রান খরচায় নেন ৫ উইকেট। মাঝে জশ ক্লার্কসনকে নাহিদ রানা ও মুহাম্মদ আব্বাসকে ফেরান শরিফুল ইসলাম। তাতে স্কোরবোর্ডে নিউজিল্যান্ডের রান দাঁড়ায় ৯ উইকেটে ১৬০ রান।

পরে বেন লিস্টারকে সঙ্গে নিয়ে ১০ম উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন ডিন ফক্সক্রফট। তাকে ফিরিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করে দেন মেহেদি হাসান মিরাজ। তাতে ২১০ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। শেষ পর্যন্ত টিকে থাকা ফক্সক্রফটের ব্যাটে আসে ৭৫ রান। এটাই কিউইদের হয়ে সর্বোচ্চ সংগ্রহ।

এর আগে ৩২ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। ৪র্থ উইকেট জুটিতে তারা যোগ করেন ১৬০ রান। শান্ত ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়ে থামেন ২০৫ রানে আর লিটন ১৩তম হাফসেঞ্চুরি করে থামেন ৭৬ রানে। দুজনই দুবছরের বেশি সময় পর পেয়েছেন বড় ইনিংসের দেখা। তাদের গড়ে দেওয়া ভিতের ওপর ভিত্তি করে ২৬৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। শান্ত-লিটনের দারুণ ব্যাটিংয়ের পর তাওহিদ হৃদয় ৩৩ ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ করেন ২২ রান। নিউজিল্যান্ডের হয়ে উইল ও’রোর্ক ৩২ রানে নেন ৩ উইকেট।

নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে সিরিজ হারানো বাংলাদেশ এ নিয়ে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জিতল। এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে একই ব্যবধানে সিরিজ জিতেছিল। অধিনায়ক হয়ে এ নিয়ে টানা তৃতীয় সিরিজ জিতলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ৮/২৬৫, ৫০ ওভার (শান্ত ১০৫, লিটন ৭৬, তাওহিদ ৩৩, মিরাজ ২২; ও’রুর্ক ৩/৩২, লেনক্স ২/৫০ ও লিস্টার ২/৬২)।

নিউজিল‍্যান্ড: ২১০/১০, ৪৪.৫ ওভার (ফক্সক্রফট ৭৫, কেলি ৫৯ আব্বাস ২৫; মোস্তাফিজ ৫/৪৩, নাহিদ ২/৩৭ ও মিরাজ ২/৩)।

ফল: বাংলাদেশ ৫৫ রানে জয়ী।

সিরিজ: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।

ম্যাচ সেরা: নাজমুল হোসেন শান্ত।

সিরিজ সেরা: নাহিদ রানা।

একটি জুটির গল্প

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মুস্তাফিজ-নাহিদের

রবিউল ঝড়ে বিধ্বস্ত দক্ষিণাঞ্চল

‘কনকাশন সাব’ অমিতের রেকর্ড

শান্ত-লিটনের কাছে এমনটাই মিরাজের প্রত্যাশা

সাত বছর পর মোস্তাফিজের ফাইফারে নতুন মাইলফলক

থামল তাদের দুই বছরের অপেক্ষা

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বিকেএসপি পরিদর্শন

টিভিতে দেখবেন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ