ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের বিরুদ্ধে বর্ণ বৈষম্যের অভিযোগ তুলে ধারাভাষ্যকে বিদায় বলেছেন সাবেক লেগ স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণান। গতকাল এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রায় দুই যুগের এই ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন। এ সময়ে তাকে যোগ্য সম্মান আর প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে বলে মনে করেন তিনি।
২০০০ সালে মাইক্রোফোন হাতে ক্রিকেট মাঠে নতুন পরিচয়ে পথচলা শুরু করেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণান। তিনি জানান, নতুনরা এসে সুযোগ পেলেও তাকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে।
এ নিয়ে তিনি লিখেন, ‘গত ২৩ বছর ধরে আমাকে টস বা প্রেজেন্টেশনের সুযোগ দেওয়া হয়নি। এমনকি রবি শাস্ত্রী যখন দলের কোচ ছিলেন, তখনও নতুন ধারাভাষ্যকাররা এসে পিচ রিপোর্ট বা প্রেজেন্টেশন করেছে। এর পেছনের কারণ কী হতে পারে বলে আপনাদের মনে হয়?’
পরে এক মন্তব্যের জবাবে ‘বর্ণবৈষম্যকে’ বঞ্চনার কারণ হিসেবে উল্লেখ করেন। তার বিদায়ে হতাশা প্রকাশ করে ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন লিখেন, ‘ওহ না! এই আইপিএলে কেন নয়?’
ভারতের হয়ে ৯ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলেছেন শিবরামকৃষ্ণান। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১২ উইকেট নিয়ে বিশ্বমঞ্চে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন তিনি। তবে তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় ছিল ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বেনসন অ্যান্ড হেজেস বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে ভারতকে শিরোপা জেতাতে প্রধান ভূমিকা রেখেছিলেন তিনি, বিশেষ করে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে তার নিয়ন্ত্রিত বোলিং ছিল চোখে পড়ার মতো।