হোম > খেলা > ক্রিকেট

প্রথম সভাতেই বাড়লো ক্রিকেটারদের বেতন

স্পোর্টস রিপোর্টার

অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়েই আজ প্রথম সভাতে বসেছিল। লম্বা সময় নিয়ে বোর্ডসভা করার ধারা থেকে বেরিয়ে দ্রুতই এবার সভা শেষ করেছে অ্যাডহক কমিটি। প্রথম সভায় ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবির অ্যাডহক কমিটি। পুরুষ ও নারী উভয় বিভাগের ক্রিকেটারদের মাসিক বেতন ও ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটারদের জন্য স্বস্তি উপহার দিয়েছে বিসিবি। এছাড়া ক্রিকেট অপারেশনস বিভাগে কাউকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়নি।

বর্তমানে ঘরোয়া ক্রিকেটে খেলা ১০২ জন পুরুষ ক্রিকেটার তিন ক্যাটাগরিতে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন। এই ক্রিকেটারদের মাসিক বেতন প্রায় দ্বিগুণ করেছে বিসিবি। ‘এ’ ক্যাটাগরিতে ৩৫ হাজার টাকা বেতন বাড়িয়ে করা হয়েছে ৬৫ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৩০ হাজার টাকা বেতন পাওয়া ক্রিকেটাররা এখন পাবেন ৫০ হাজার টাকা করে। আর ‘সি’ ক্যাটাগরিতে ২৫ হাজার টাকা বেতন পাওয়া ক্রিকেটাররা এখন পাবেন ৪০ হাজার টাকা। পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি ৭০ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ১ লাখ টাকা।

ঘরোয়া ক্রিকেটে ৩৫ জন নারী ক্রিকেটার বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন। তাদের বেতন ছিল ৩০ হাজার টাকা। এটাকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডসভায়। নারী ক্রিকেটারদের ফরম্যাট অনুযায়ী ম্যাচ ফি বাড়ানো হয়েছে। লঙ্গার ভার্সন ক্রিকেটে ২০ হাজার টাকা, ৫০ ওভারের ম্যাচে ১৫ হাজার টাকা ও ২০ ওভারের ম্যাচে ১০ হাজার টাকা ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে নারী ও পুরুষ- সব ক্রিকেটারের নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

পাশাপাশি ছেলেদের ঢাকা লিগ দ্রুততম সময়ে শুরুর ব্যাপারে কাজ শুরু করবে বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। কোন কারণে মাঠের সংকট হলে বেসরকারিভাবে থাকা বিভিন্ন মাঠ ভাড়া নিয়ে প্রিমিয়ার লিগ মাঠে নামানো হবে বলে জানানো হয়েছে। কবে নাগাদ লিগ মাঠে গড়াবে সে বিষয়ে চূড়ান্ত কিছু জানাননি তিনি।

সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে নিউজিল্যান্ড সিরিজের ব্যাপারে। বিদ্যুত ব্যবহার কমাতে ইতোমধ্যে সরকার অফিস-আদালতে সময় কমিয়ে এনেছে। পাশাপাশি স্কুল-কলেজও অনলাইনের মাধ্যমে কার্যক্রম চালাতে বলেছে সরকার। সেই ধারায় দিনের আলোয় নিউজিল্যান্ড সিরিজ খেলার সিদ্ধান্ত এসেছে বোর্ডসভায়। দিনের আলোয় যেন বেশিরভাগ সময় ম্যাচ খেলানো যায়, এ কারণে নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ম্যাচ বেলা ১১ কিংবা সাড়ে ১১ টায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আর টি-টোয়েন্টি ম্যাচের ক্ষেত্রে সময়টা হবে দুপুর ২ টা কিংবা ২.৩০ মিনিট। তবে এখনও সময় চূড়ান্ত করেনি বিসিবি।

এছাড়া বেশ কয়েকটি স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বোর্ডসভায়। ক্রিকেট অপারেশনস বিভাগে নির্দিষ্ট কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। বোর্ড সম্মিলিতভাবে এই বিভাগের দায়িত্ব নিবে বলে জানান তামিম ইকবাল। এছাড়া সভাপতি তামিম ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজ কমিটির দায়িত্ব পালন করবেন। সাবেক পরিচালক ফাহিম সিনহা গেম ডেভেলপমেন্ট ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করবেন। আরেক সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু পালন করবেন গ্রাউন্ডস কমিটির দায়িত্ব। বাকি দুই সাবেক পরিচালকের মধ্যে তানজিল চৌধুরী বয়সভিত্তিক ক্রিকেট এবং মির্জা সালমান ইস্পাহানি পালন করবেন মার্কেটিং ও ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব।

ব্যারিস্টার রুশনা ইমাম উইমেন্স উইং, মেডিকেল ও কমপ্লেইন কমিটির দায়িত্ব পালন করবেন। ইসরাফিল খসরু ফিন্যান্স ও ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে। সাঈদ ইব্রাহিম আহমেদ সিকিউরিটি ও টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করবেন। মিনহাজুল আবেদিন নান্নু টুর্নামেন্ট কমিটি, মির্জা ইয়াসির আব্বাস লজিস্টিক এবং আতাহার আলী খান আম্পায়ার্স কমিটির দায়িত্ব পালন করবেন।

এছাড়া বিসিবির মুখপাত্র পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাডহক কমিটির সদস্য তানজিল চৌধুরী ব্যক্তিগত ব্যস্ততায় মুখপাত্রের কাজ করতে অপরাগতা প্রকাশ করায়- এই সিদ্ধান্ত এসেছে বিসিবি সভায়। নতুন করে কে এই দায়িত্ব পাবেন তা জানানো হয়নি। বিসিবি সভা শেষে কোনো মুখপাত্র না থাকায় সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নোত্তর পর্ব হয়নি।

বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড: হাসনাত আবদুল্লাহ

এখনই আইনি পথে হাঁটবেন না বুলবুল

মদ্যপ ওয়ার্নারের কাণ্ডকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া

তামিমকে অভিনন্দন বিসিসিআই সহসভাপতির, ইতিবাচক সম্পর্কের আভাস

বিসিবিতে অস্থিরতা, ‘সার্কাস’ দেখছেন আফতাব

নেইমারকে বিশ্বকাপ খেলাতে সান্তোসের তোড়জোড়

আমিনুলের চেয়ারে তামিম ইকবাল

অ্যাডহক কমিটির সদস্য হলেও নির্বাচন করা যাবে: তামিম

অ্যাডহক কমিটিকে অবৈধ বলছেন বুলবুল, চাইলেন আইসিসির হস্তক্ষেপ

১১ সদস্যের এডহক কমিটির প্রধান তামিম ইকবাল