ডিপিএলের পঞ্চম রাউন্ডে আজ ছয় ম্যাচে হয়েছে পাঁচ সেঞ্চুরি। এর মধ্যে আশিকুর রহমান শিবলি পেয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা। এছাড়া সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েছেন নাঈম শেখ। সেঞ্চুরিময় দিনে ক্যারিয়ারের প্রথম ফাইফারের দেখা পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন।
শিবলির সেঞ্চুরিতে রূপগঞ্জের জয়
গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আগে ব্যাট করতে নেমে আশিকুর রহমান শিবলির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩৫৪ রান তোলে লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে, মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায় গুলশান ক্রিকেট ক্লাব। দলটির হয়ে সর্বোচ্চ ৬১ রান আসে শাহরিয়ার সাকিবের ব্যাটে। রূপগঞ্জের হয়ে নাসুম আহমেদ ৩২ রানে নেন ৪ উইকেট। এই ম্যাচ রূপগঞ্জ পায় ২০৫ রানের বিশাল জয়।
লিওপার্ডসের তৃতীয় জয়
মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরি ও মঈন খানের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৫১ রান তুলেছিল ঢাকা লিওপার্ডস। চতুর্থ সেঞ্চুরি করা মিঠুনের ব্যাটে আসে ১২১ রান। আর ক্যারিয়ারের পঞ্চম ফিফটিতে মঈন থামেন ৬৯ রানে। জবাবে, মাত্র ২৩১ রানে গুটিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। তাতে ১২০ রানের বিশাল জয় পায় লিওপার্ডস। দলটির হয়ে তিনটি করে উইকেট নেন আলাউদ্দিন বাবু ও শেখ পারভেজ জীবন।
মোসাদ্দেক-সাব্বিরের ফিফটি
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে আবাহনী। এটা এবারের লিগে তাদের তৃতীয় জয়। আগে ব্যাট করতে নেমে আমিনুল ইসলাম বিপ্লবের ৮১ ও নাহিদুল ইসলামের ৬৩ রানে ভর করে ২০৯ রানে থামে বসুন্ধরার ইনিংস। জবাবে, ৪৪ রানে ৪ উইকেট হারালেও ঘুরে দাঁড়ায় আবাহনী। মোসাদ্দেক হোসেন ৫৩ বলে ৫৭ ও সাব্বির রহমান ৫৪ বলে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলেন। তাতেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে আবাহনী।
নাসিরের ব্যাটে অগ্রণীর জয়
অগ্রণী ব্যাংকের বিপক্ষে প্রীতম কুমারের ৭২ রানে ভর করে ৮ উইকেটে ২৫২ রানের মাঝারি সংগ্রহ পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। এই লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩ রান তুলতে ৩ উইকেট হারিয়ে বসে অগ্রণী। সেখান থেকে দলকে টেনে তোলেন অভিজ্ঞ নাসির হোসেন ও শুভাগত হোম। দুজনের ব্যাটেই আসে ৭৮ রান করে। তাতে ভর করে ৪ উইকেটের জয় নিশ্চিত করে অগ্রণী ব্যাংক। এবারের লিগে এটা তাদের তৃতীয় জয়।
হেরেই চলছে রূপগঞ্জ টাইগার্স
নিজেদের পঞ্চম ম্যাচে এসেও জয় পায়নি রূপগঞ্জ টাইগার্স। অধিনায়ক মাহমুদুল হাসানের ১০৬ রানে ভর করে ২৪৬ রান তোলে রূপগঞ্জ টাইগার্স। সিটি ক্লাবের হয়ে ক্যারিয়ারের প্রথম ফাইফারে ৩৭ রানে ৬ উইকেট নেন আব্দুল গাফফার সাকলাইন। জবাবে, সাদিকুর রহমানের ১০৫ রানে ভর করে ৬ উইকেটের জয় পায় সিটি ক্লাব। এছাড়া এনামুল হক আনামের ব্যাটে আসে ৯৫ রানের দারুণ এক ইনিংস।
দিপুর সেঞ্চুরি, নাঈমের আক্ষেপ, প্রাইম ব্যাংকের জয়
৯৯ রানে আউট হয়ে সেঞ্চুরি মিস করেন মোহামেডানের নাঈম শেখ। তার সেঞ্চুরি মিসের আক্ষেপে পোড়ার দিনে তার দলের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩০৩ রান। জবাবে, শাহাদাত হোসেন দীপুর সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটের জয় পায় প্রাইম ব্যাংক। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির দিনে দীপুর ব্যাটে আসে ১১৮ রান। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংক।