পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশমুখী হচ্ছেন বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম। মুলতান সুলতান্সের বিপক্ষে দারুণ বোলিংয়ে দলকে জিতিয়ে শীর্ষস্থানেই রেখে যাচ্ছেন তারা।
সোমবারের ম্যাচে পেশোয়ার ২৪ রানের জয় তুলে নেয়। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯৬ রান তোলে দলটি। কুশল মেন্ডিস ৪০ বলে ৬৮ রানের ঝলমলে ইনিংস খেলেন, আর মোহাম্মদ হারিস ১৭ বলে ৩৮ রানের ঝড় তোলেন।
জবাবে মুলতান সুলতান্স ৮ উইকেটে ১৭২ রানে থেমে যায়। শান মাসুদের ৩৫ রান ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। পেশোয়ারের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম তিন উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন।
বাংলাদেশি দুই পেসারের পারফরম্যান্সও ছিল প্রশংসনীয়। নাহিদ রানা চার ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন। বিশেষ করে ডেথ ওভারে তার গতি ও নিখুঁত বোলিং মুলতানের জয়ের আশা শেষ করে দেয়। ১৪৭ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করে গুরুত্বপূর্ণ দুই ওভারে মাত্র ৮ রান দেন তিনি।
শরিফুল ইসলাম উইকেট না পেলেও ২৭ রান দিয়ে নিয়ন্ত্রিত বোলিং করেন, যা দলের জয়ে কার্যকর ভূমিকা রাখে।
চলতি আসরে নাহিদ রানা এখন পর্যন্ত চার ম্যাচে ৭ উইকেট নিয়ে দারুণ ফর্মে আছেন, তার ইকোনমি রেট ৫.৪২। অন্যদিকে শরিফুল পাঁচ ম্যাচে ২ উইকেট পেলেও বোলিংয়ে ধারাবাহিকতা দেখিয়েছেন, তার ইকোনমি ৭.৯৩।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ সামনে রেখে আজই দেশে ফেরার কথা এই দুই পেসারের। তাদের আরও এক ম্যাচ খেলানোর জন্য পেশোয়ার জালমি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে বিসিবি এনওসির মেয়াদ একদিন বাড়িয়েছিল, যার প্রতিদান মাঠেই দিয়েছেন তারা।
এই জয়ে ছয় ম্যাচে অপরাজিত পেশোয়ার জালমি ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মুলতান সুলতান্স।