শেষ ১৬ রান ও ১৮ বলে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তাতে বাংলাদেশের ইনিংস থামে ১০২ রানে। এমন ব্যাটিং উইকেটে এই রান যে দলকে জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট নয়, সেটা বেশ ভালোভাবেই জানতেন অধিনায়ক লিটন দাস। মিডল অর্ডারের ঝোড়ো ব্যাটিংয়ের ধারা লোয়ার অর্ডারে এসে থমকে যাওয়ায় হতাশ তিনি। অধিনায়কের প্রত্যাশা ছিল, দলের রান আরো কিছুটা বাড়িয়ে তুলবেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। তাতেই যে ম্যাচটা হাতছাড়া হয়েছে সেটা স্পষ্ট অধিনায়কের কথায়।
লোয়ার অর্ডারের কাছে ‘কিছু’ রানের প্রত্যাশার কথাটা সিরিজ শুরুর আগেই জানান অধিনায়ক লিটন। গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে দলের বিপদের দিনে সেই সুবিধাটা পায়নি বাংলাদেশ। শেখ মাহেদি, রিশাদ হোসেন কিংবা মোহাম্মদ সাইফউদ্দিনÑকেউই নিজেদের রান নিতে পারেননি সিঙ্গেল ডিজিটে। তাতে স্পষ্ট তাদের হতশ্রী পারফরম্যান্সের চেহারা।
এ নিয়ে লিটন বলেন, ‘প্রথম সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম আমাদের লোয়ার অর্ডার ব্যাটারদের দায়িত্ব আছে। আমরা চাই, আমাদের ইনপুট দেবে ব্যাটিংয়ে। আজকে জায়গা ছিল কিন্তু আবারও ব্যর্থতা।’
আজ প্রমাণের সুযোগে ব্যর্থ হওয়া লোয়ার অর্ডার আসলে লম্বা সময় ধরেই পারফর্ম করতে পারছে না। আগামী ২০২৮ বিশ্বকাপ আসতে আসতে লোয়ার অর্ডার ব্যাটাররা নিজেদের প্রমাণ করবেন সেটাই বিশ্বাস করেন লিটন। তার কথায়, ‘যারা ব্যাটিং কোচ আছে তাদের পেছনে সময় দিচ্ছেন। অবশ্যই একদিনে রাতারাতি পরিবর্তন হবেও না এবং এটা সম্ভবও না। কিন্তু ওরাও চেষ্টা করছে। আশা করি, বিশ্বকাপ আসতে আসতে কিছুটা হলেও উন্নতি হবে।’
লোয়ার অর্ডার ব্যাটারদের ব্যাটিংয়ে আরো কিছুদিন সময় দিতে চান লিটন। নেট অনুশীলন আর ম্যাচ খেলার মধ্যে পার্থক্য আছে জেনেই এমন সময়টা দিতে চান অধিনায়ক, ‘নেটে ব্যাটিং আর ম্যাচে ব্যাটিং- অনেক পার্থক্য আছে। আশা করি ওরা যদি ম্যাচগুলোয় পারফর্ম করে, তাহলে আত্মবিশ্বাসটা গড়ে উঠবে।’
লোয়ার অর্ডারের কাছে সমর্থন না পেলেও বাড়তি ব্যাটার খেলানোর সুযোগটা দেখছেন না লিটন। ছয় ব্যাটার ও পাঁচ বোলারÑএই কম্বিনেশনেই বারবার একাদশ সাজাতে চান। ব্যাপারটি নিয়ে লিটন বলেন, ‘টি-টোয়েন্টিতে ৫ বোলার ছাড়া যেতে পারব না। যদি ৯ ব্যাটার নিয়ে যাই, ৩ বোলার নিয়ে খেলা লাগবে।’
একই কম্বিনেশনে বারবার খেলতে চাওয়া লিটনের আশা ভবিষ্যতে চাওয়া পূর্ণ করবে লোয়ার অর্ডার। রিশাদ হোসেন, শেখ মাহেদির পাশাপাশি নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিবরাও নিজেদের প্রমাণ করবেন বলে বিশ্বাস তার। এ নিয়ে তিনি বলেন, ‘কিছু কিছু সময় এরকম ম্যাচ থাকবে যে লোয়ার অর্ডারের দরকার। এই জিনিসটা খুবই জরুরি। আশা করি, ওরা ভবিষ্যতে আমাদের এই জিনিসটা ডেলিভারি করবে।’