হোম > খেলা > ক্রিকেট

আফগানদের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জমে উঠছে আবুধাবি টেস্ট

স্পোর্টস রিপোর্টার

রহমত শাহ এবং আব্দুল মালিকদের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শেষে জমে উঠেছে আবুধাবি টেস্ট। বাংলাদেশের করা ৩৪৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১১ রান করেছে আফগানরা। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৩৫ রানের।

শনিবার প্রথম দিনের ৩১৭ রানে ৮ উইকেট নিয়ে খেলা শুরুর পর এদিন মাত্র ২৯ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ। বাংলাদেশের শেষ দুই উইকেটে এসেছে ৪১ রান। এর মধ্যে একাই ৩৫ রান করেছেন নাঈম হাসান। ৬৭ বল খেলে অপরাজিত থাকেন তিনি। তবে অন্য প্রান্তে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় দলীয় সংগ্রহ সাড়ে তিনশ' ছাড়ায়নি।

আফগানিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল মোহাম্মদ সেলিম সাফি। তিনি নিয়েছেন ৪ উইকেট। ইয়ামিন আহমদজাই পেয়েছেন ৩ উইকেট, ইসমত আলমের শিকার ২টি। বাকি উইকেটটি নিয়েছেন কাইস আহমদ।

স্কোরবোর্ডে ৩৪৬ রান নিয়ে বোলিংয়ে নেমে আফগানদের ৪ রানের মাথায়ই প্রথম উইকেট পেতে পারত বাংলাদেশ। তবে আম্পায়ারের ভুল এবং বাংলাদেশ রিভিউ না নেয়ায় সে যাত্রায় বেঁচে যান সেদিকুল্লাহ অটল।

আফগানদের ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলটা সেদিকউল্লাহ অটলের ব্যাট ছুঁয়ে বল চলে যায় লিটন দাসের হাতে। আউটের জোরালো আবেদন করেন বোলার ও ফিল্ডাররা। তবে আম্পায়ার সাড়া দেননি।

বাংলাদেশও রিভিউ নেয়নি। পরে রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় আলট্রাএজে স্পষ্ট স্পাইক ছিল। অর্থাৎ ব্যাটের কানায় লেগেছিল বল। একই সময়ে ব্যাট প্যাডে লাগায় বিভ্রান্ত হয়ে যায় বাংলাদেশ। ফলে উইকেট পাওয়ার দারুণ সুযোগ হাতছাড়া হয় তাদের।

তবে জীবন পেয়ে বাংলাদেশকে তেমন ভোগাতে পারেননি অটল। দলীয় ৩০ রানে ফিরেছেন সেই হাসান মাহমুদের বলেই। স্লিপে হাসানের বলে ক্যাচ নিয়েছেন তানজিদ হাসান। ১৭ রান করেন অটল। ৩৪ রানে ১ উইকেট নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় আফগানিস্তান।

দলীয় ৬৪ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান। ইবাদতের শর্ট বলে পুল খেলতে গিয়ে ডিপ ফাইন লেগে ক্যাচ দেন শহিদুল্লাহ। চিরচেনা স্যালুটে উদযাপন করেছেন ইবাদত। ২০ রান করে ফেরেন শহিদ।

তৃতীয় উইকেটে রহমত শাহকে নিয়ে সাবলীলভাবে খেলে চা বিরতি পর্যন্ত নিয়ে যান মালিক। এর আগে আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম ফিফটিও তুলে নেন এই ব্যাটার।

মালিক-রহমতের ৭০ রানের জুটি ভাঙে চা বিরতির পর প্রথম ওভারেই। ৬২ রান করে ইবাদতের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন মালিক। মালিকের বিদায়ের পর মাত্র ৫ বলের ব্যবধানে ফেরেন হাশমতউল্লাহ শহিদী। ২ বলে খেলে শূন্য রানে সদ্য সাবেক আফগান অধিনায়ক।

হাশমতের বিদায়ের পর দারুণ প্রতিরোধ দেখিয়েছেন রহমত এবং ইকরাম আলিখিল। পঞ্চম উইকেটে দুজনে মিলে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। কঠোর মানসিকতা দেখিয়েছেন রহমত। আবুধাবির প্রচণ্ড গরমে ১৮৬ বল খেলে একটিও সুযোগ দেননি এই ব্যাটার। দিন শেষে অপরাজিত আছেন ৮৪ রানে। ইকরাম ৯১ বল খেলে অপরাজিত আছেন ২৬ রানে।

টাইগার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ইবাদত হোসেন। ১১ ওভার বল করে দুই উইকেট নিয়েছেন তিনি। হাসান এবং মেহেদী হাসান মিরাজ নিয়েছেন একটি করে উইকেট। ২১ ওভার বল করেও কোনো উইকেট পাননি তাইজুল ইসলাম।

নাঈম-মোসাদ্দেকের সেঞ্চুরি, মাহেদীর ছয় উইকেট

মালিকের ফিফটিতে ভালো শুরু আফগানিস্তানের

চমক নিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

ব্যাটিং ধসের পর ৩৪৬ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

ভিসা জটিলতায় ওমান যাত্রা স্থগিত অনূর্ধ্ব-১৯ দলের

হোপ-রাদারফোর্ডের ঝড়ে ২৫০ রান তাড়া করে জিতল ওয়েস্ট ইন্ডিজ

ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের শুরু

ডারবানে প্রোটিয়াদের পেসারদের দাপট, অস্ট্রেলিয়া ১৮৭/৬

আরও ভালো হতে পারত- সাদমানের আক্ষেপ