হোম > খেলা > ক্রিকেট

ব্যাটিংয়ের সঙ্গে অ্যাক্টিংও বেশ করছেন রিজওয়ান!

এম. এম. কায়সার, সিলেট থেকে

রিজওয়ানের অ্যাক্টিংয়ে বিরক্ত লিটন দাস

ক্রিকেট মাঠে নাটক নতুন কিছু নয়। ব্যাট-বল-রান-উইকেটের এ খেলায় আছে আবেগ-আনন্দ-উত্তেজনা, ক্লান্তি-কৌশল, এমনকি চোট নিয়ে চোটগাথাও!

চোটগাথা?

ভাবছেন এটা আবার কি? ক্রিকেট মাঠে এই নতুন নাট্যঅভিনয়ের জন্ম দিয়েছেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সিলেট টেস্টের শেষ ইনিংসে চোট নিয়ে তার ভড়ং ও অভিনয় নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মাঠে একজন ক্রিকেটার চোট বা ব্যথা পেতেই পারেন; কিন্তু যখন সেই কল্পিত ব্যথার চেয়ে অভিনয়ই বেশি চোখে পড়ে, তখন তা খেলার আলোচনার বাইরে আলাদা বিতর্কের জন্ম দেয়। মোহাম্মদ রিজওয়ান সিলেট টেস্টে এখন সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে।

পঞ্চম দিনে গড়ানো এই টেস্টের শেষ ইনিংসে এখন পর্যন্ত তিনি ভালো ব্যাটিং করেছেন এবং তারচেয়ে ভালো যা করেছেন, তাকে বলে ‘অ্যাক্টিং’! তার এই চোটে পড়ার অ্যাক্টিংয়ের কারণে বারবার খেলা থেমে যাচ্ছিল। খেলার যে একটা গতি আর মনোযোগ থাকে, তা বাধাপ্রাপ্ত হচ্ছিল। রিজওয়ানের এমন আচরণে চরম বিরক্ত হয়ে উইকেটের পেছন থেকে লিটন দাস একসময় তাকে জিজ্ঞেস করেই বসেন, ‘কি করছ তুমি, প্রতি বলেই তো খেলা থামিয়ে দিচ্ছ!’

জবাবে সাইটস্ক্রিনের দিকে ঈশারা করে রিজওয়ান ওদিকে কিছু একটা সমস্যা তুলে ধরেন। লিটনের সঙ্গে এ নিয়ে তার নরম-গরম বাতচিত হলো। আম্পায়ারের কাছে রিজওয়ান নালিশও জানালেন। এতে খেলার সময় আরো খানিকটা নষ্ট হলো!

এবং রিজওয়ানের উদ্দেশ্য সফল।

ফুটবলে ব্রাজিলের নেইমারও এমন ‘অভিনয়শিল্পের’ জন্য তুমুলভাবে সমালোচিত হয়েছিলেন। শরীরে হালকা কারো স্পর্শ লাগলেই তিনি মাঠে পড়ে গিয়ে ফাউল আদায়ের চেষ্টায় নামতেন। রেফারিকে ধোঁকা দেওয়ার তার এই অপচেষ্টা আর ছিঁচকাঁদুনে ভঙ্গি তাকে ভিলেন বানিয়ে ছাড়ে। ফুটবলের নেইমারের সেই গুণ (!) এখন ক্রিকেটে ভালোভাবেই রপ্ত করার চেষ্টায় নেমেছেন মোহাম্মদ রিজওয়ান। আর তাই প্রতিপক্ষের কাছে তো বটেই, খোদ গ্যালারির সমর্থকরাও তার এমন ‘অভিনয়ে’ বিরক্ত।

পাকিস্তানের এই উইকেটকিপার-কাম মিডল অর্ডার ব্যাটসম্যান বরাবরই লড়াকু, ধৈর্যশীল এবং টেস্টে দায়িত্বশীল ইনিংস খেলার জন্য পরিচিত। সিলেট টেস্টের চতুর্থ দিনেও উইকেটে সময় কাটানো, বলের মেরিট অনুযায়ী খেলা, স্পিন-সিম সামলানো- সব মিলিয়ে রিজওয়ান এখন পর্যন্ত এই টেস্টে পাকিস্তানের একমাত্র ভরসা হয়ে টিকে আছেন। কিন্তু ৭৫ নটআউট এই ব্যাটিংয়ের ফাঁকে বারবার অতিরঞ্জিত ‘ইনজুরি ড্রামা’য় নেমেছিলেন তিনি।

কয়েক ওভার পরপরই তাকে দেখা গেছে শরীরের ভিন্ন ভিন্ন জায়গা ধরে কুঁকড়ে যেতে। কখনো পায়ে টান, কখনো কব্জিতে ব্যথা, কখনো কোমর চেপে বসে পড়া। এমনকি একপর্যায়ে কনুইয়ে চোট দেখিয়ে প্রায় শুয়ে পড়ার ভঙ্গিও করেন তিনি। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, আম্পায়ারদের সত্যিকার অর্থেই এগিয়ে এসে যাচাই করতে হয়েছে আসলেই কি চোট, নাকি ভড়ং?

মাঠের ভেতরে বিষয়টি যে কৌতুকের পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তা বোঝা যায় বাংলাদেশের খেলোয়াড়দের প্রতিক্রিয়া থেকে। লিটন একসময় কৌতুকের সুরে বলে ওঠেন, ‘অ্যাভি অ্যাক্টিং চালু হো যায় গা।’ স্লিপে দাঁড়ানো অধিনায়ক শান্ত পাশ থেকে যোগ করেন, ‘হু, বহুত জ্যায়দা অ্যাক্টিং হো র‌্যায়া হ্যায়!’

দুজনে ভাঙা ভাঙা উর্দুতে নিজেদের মধ্যে এ কথা চালাচালি করেন, যাতে অন্তত সেটা রিজওয়ানের কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ‘বুকেও’ পৌঁছায়! অভিনয়ের এই ঢংবাজি এমনভাবে প্রকাশ হয়ে যাওয়ায় রিজওয়ান নিজেকে আর লুকিয়ে রাখতে পারেননি। কিছু সময়ের জন্য মেজাজ হারান। আম্পায়ারের কাছে নালিশও ঠুকে বসেন।

মাঠে ব্যাটিংয়ের সঙ্গে এই অ্যাক্টিং প্রসঙ্গে রিজওয়ান এর আগে এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, ম্যাচের গতি ভাঙা, বোলারদের ছন্দ নষ্ট এবং মানসিক চাপ তৈরি করা- এসব কৌশলের অংশ হিসেবেই তিনি মাঝে মাঝে এমন আচরণ করেন। অর্থাৎ, এটি নিছক ক্লান্তি বা ব্যথার বহিঃপ্রকাশ নয়; বরং পরিকল্পিত মানসিক খেলা।

প্রশ্ন হলো, এই কৌশল কতটা খেলাধুলার নৈতিকতার ভেতরে পড়ে?

টেস্ট ক্রিকেট এমনিতেই ধৈর্যের খেলা। সেখানে সময় নষ্ট করা, অকারণে খেলা থামানো এবং প্রতিপক্ষের মনোযোগ ভাঙার চেষ্টা—এগুলোকে অনেকেই ‘স্মার্ট ক্রিকেট’ বলতে পারেন। কিন্তু যখন তা অতিরঞ্জিত নাটুকে আচরণে রূপ নেয়, তখন সেটি দর্শক, প্রতিপক্ষ, এমনকি আম্পায়ারদের কাছেও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

সিলেট টেস্টে রিজওয়ান ভালো ব্যাটিং করছেন। তিনি উইকেটে রয়েছেন বলে পাকিস্তান লড়াইয়ে এখনো টিকে আছে। কিন্তু তার এই ব্যাটিংয়ের চেয়ে ‘অ্যাক্টিংই’ এখন সিলেট টেস্টে বেশি আলোচিত-সমালোচিত।

ক্রিকেটে কৌশল, স্লেজিং, মানসিক যুদ্ধ- সবই খেলার অংশ। তবুও একটি সীমারেখা তো আছে। রিজওয়ানের আচরণ সেই সীমারেখা নিয়ে প্রশ্ন তুলছে।

মনোনয়নপত্র বিতরণ শুরু আজ

নাটকীয় অপেক্ষায় সিলেটের শেষদিন

টিভিতে বাংলাদেশ-পাকিস্তান টেস্টসহ ফেডারেশন কাপের ফাইনাল

শন টেইটের বিশ্বাস, সিলেট টেস্ট বাংলাদেশই জিতবে

এবার মেয়েদের জন্য হলো অনার্স বোর্ড

জয়ের পথে বাংলাদেশ, পাকিস্তান তাকিয়ে আকাশের দিকে

শেষদিনে পাকিস্তানের দরকার ১২১ রান, বাংলাদেশের ৩ উইকেট

মুশফিক দ্য বেস্ট!

জয়ের অপেক্ষায় বাংলাদেশ, পাকিস্তান তাকিয়ে আকাশের দিকে

উইকেট এখনো ব্যাটিংস্বর্গ, ডিসিপ্লিন বোলিংয়েই ভরসা তাইজুলের