ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইর ছিলেন নাহিদ রানা। অস্ট্রেলিয়ায় চিকিৎসা শেষে চোট থেকে অনেকটাই সেরে উঠেছিলেন। নেটে অনুশীলনও শুরু করেছিলেন। তবে এমন সময়ই আবার অসুস্থ হিয়ে পড়েছেন এই পেসার।
বিসিবির মেডিকেল বিভাগের সূত্র জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন নাহিদ। বর্তমানে রাজধানী একটি হাসপাতালে ভর্তি আছেন এই পেসার।
গত জুনে চোটে পড়ার পর পাঁচ মাস ধরে মাঠের বাইরেই আছেন নাহিদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল তার। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট মাথায় রেখে শুধু টি-টোয়েন্টিতেই তাকে খেলানোর পরিকল্পনা করছিল ম্যানেজমেন্ট। তবে এবার ডেঙ্গুতে সেই সিরিজ অনিশ্চিত হয়ে গেল নাহিদের।
আগামী ১০ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ৷ এখনও সিরিজ শুরু হতে দুই সপ্তাহ বাকি। ডেঙ্গু থেকে সেরে উঠলেও একজন পেসারের পুরোপুরি ফিট হতে সাধারণত দুই থেকে চার সপ্তাহ সময় লাগে। জ্বর চলে গেলেও শরীরের দুর্বলতা সহজে কাটে না। ফলে দীর্ঘ সময় বোলিং করা কিংবা নিজের স্বাভাবিক গতিতে বল করতে কিছুটা সময় লাগে। ফলে নাহিদের মাঠে ফেরার অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে সমর্থকদের জন্য।