সাবেক বাংলাদেশ অধিনায়ক ও জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের পরিবারে এসেছে নতুন অতিথি। তৃতীয় সন্তানের বাবা হওয়ার সুখবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন দেশের এই সাবেক তারকা ক্রিকেটার।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে আশরাফুল জানান, রাত ১০টা ৩৫ মিনিটে মহান আল্লাহ তাআলা তাকে আরও একটি পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য দিয়েছেন।
ফেসবুক পোস্টে আশরাফুল লেখেন, “আলহামদুলিল্লাহ! আজ রাত ১০:৩৫ মিনিটে মহান আল্লাহ তাআলা আমাদের পরিবারে আরেকটি পুত্র সন্তান দান করেছেন।”
তিনি আরও জানান, এর আগে তিনি এক কন্যাসন্তান ও এক পুত্রসন্তানের বাবা হয়েছেন। এবার নতুন আরও এক পুত্রসন্তান পাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
আশরাফুল তার পোস্টে সন্তানকে আল্লাহর রহমত ও আমানত হিসেবে উল্লেখ করে লেখেন, “আল্লাহর এই অগণিত নিয়ামতের জন্য আমি আল্লাহর কাছে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আমানত ও রহমত।”
একই সঙ্গে তিনি সবার কাছে তার সন্তানদের জন্য দোয়া চেয়েছেন। যেন তারা সুস্থ, নেক, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
পোস্টের শেষে আশরাফুল লেখেন, “আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল।” অর্থাৎ, “সকল অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।”
এই সুখবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফুল ও তার পরিবারের জন্য শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা জানিয়েছেন ভক্ত-সমর্থকরা।