এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বর্ণ এবং রূপার লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। মঙ্গলবার টাইগ্রেসদের সামনে লক্ষ্য ছিল গতবারের ব্রোঞ্জ পদক ধরে রাখার। তবে সেই মিশনেও ব্যর্থ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
জাপানের আইচি নাগোয়ার করোগি অ্যাথলেট পার্কে বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৪৫ রান করে পাকিস্তান। জবাব দিতে নেমে আবারও ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১১৪ রান করে টাইগ্রেসরা।
ব্যাটিং ব্যর্থতাটা অনেকদিন ধরেই বাংলাদেশ নারী দলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বোলিংয়ে ধারাবাহিকভাবে ভালো করলেও টি-টোয়েন্তি ব্যাটিংয়ে বরাবরই সমস্যা দেখা যাচ্ছে টাইগ্রেসদের। সদ্য সমাপ্ত এশিয়া কাপ এবং এশিয়ান গেমসে এর সবচেয়ে ভয়াবহ চিত্রটা দেখা গেল।
ব্যাটিং ব্যর্থতার বিষয়টি এখন অকপটে স্বীকার করছেন খেলোয়াড় থেকে টিম ম্যানেজমেন্টের সবাই। পাকিস্তানের বিপক্ষেও ব্যাটিংটাই হারের মূল কারণ বলে জানালেন টাইগ্রেস ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। তিনি বলেন, 'পার্থক্যটা ব্যাটিংয়ে হয়েছে, এটা দৃশ্যমান যে আমরা খারাপ ব্যাটিং করেছি। এই উইকেটে আসলে ১৪০-১৫০ যেকোনো দল করবে। আমরাও আগে ব্যাটিং করলে হয়তো ১৪০-১৫০ রান করার চেষ্টা করতাম। টপ অর্ডার ব্যর্থ হয়েছে, এ কারণে আমরা করতে পারিনি। একটা সাইড থেকে খুব ভালো বাতাস ছিল এবং আরেকটা সাইড বাতাসের বিপরীতে ছিল। তো ওদের বোলাররা ওই সুবিধাটা নিয়েছে। আর্লি উইকেটটা পড়ে যাওয়ায় আমরা ব্যাকফুটে চলে গেছি।'
'আমাদের পাওয়ার হিটিংয়ের ক্ষমতাটা একটু কম। তবে আমরা চেষ্টা করছি নিয়মিত নিজেদের উন্নত করতে। অনেক কিছু চাইলেও রাতারাতি করা সম্ভব হচ্ছে না। যেহেতু আমাদের শক্তির জায়গাটাই ওরকম, আমরা সামর্থ্য ও দক্ষতা অনুযায়ী আস্তে আস্তে চেষ্টা করছি। কারণ এখন টি-টোয়েন্টি মানেই পাওয়ার হিটিং অবশ্যই প্রয়োজন, তাই আমরা চেষ্টা করে যাচ্ছি।'
দল খারাপ খেললেও ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন সুপ্তা। তবে হারের আক্ষেপ সেই আনন্দকে ম্লান করে দিয়েছে জানিয়ে তিনি বলেন, 'দিনশেষে ম্যাচ না জিতলে ভালো-খারাপ বলে কোনোকিছু সংজ্ঞায়িত করা যায় না। দিনশেষে ফলটাই গণ্য হয়। আমরা ভালোভাবে শেষ করতে পারি নাই, এটাই আসল—আমরা ব্যর্থ হয়েছি। আসলে আমরা শেষ কিছুদিন ধরে খুব ভালো ক্রিকেট খেলিনি, হয়তো এজন্যই আমরা ব্যর্থ হয়েছি।'
গতবার পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবার সেই পাকিস্তানের কাছে হেরেই ব্রোঞ্জ খোয়ালো টাইগ্রেসরা। সেই আক্ষেপ নিয়ে শারমিন বলেন, 'যদি আমরা আজ পাকিস্তানকে হারাতে পারতাম, এটা (ব্রোঞ্জ) এশিয়ান গেমসে একটা বড় পদক ছিল। এটা যেকোনো অন্য ইভেন্টের চেয়ে একটা বড় ইভেন্ট। আমরা সুযোগটা হাতছাড়া করেছি।'