হোম > খেলা > ক্রিকেট

সবুজ উইকেট, টগবগে পেস-সিলেটে লড়াই বৃষ্টির সঙ্গেও

এম. এম. কায়সার, সিলেট থেকে

সিলেট টেস্টের আগে একটা বাড়তি সুবিধা পেল পাকিস্তান- উইকেট পর্যবেক্ষণ ও যাচাইয়ের। দুপুরে স্টেডিয়াম চত্বরে পাকিস্তান দলের বাস যখন থামল, তখন ঝিরি ঝিরি বৃষ্টি। পুরো দল ইনডোরে অনুশীলনে ব্যস্ত হয়ে থাকল। কিন্তু সময়টা বিকালে গড়াতেই বৃষ্টি সরে স্টেডিয়ামের আকাশে ঝাঁ চকচকে রোদ। সেই ঝলমল রোদ পোহাতে উইকেটের কাভার সরানো হলো। আর মাঠে থাকা পাকিস্তানের পুরো দলটাই যে একে একে করে উইকেট যাচাইয়ে নামল। অধিনায়ক শান মাসুদ পিচের পাশে হাঁটু গেড়ে হাতের থাবা দিয়ে উইকেটে আওয়াজ তুলে বাউন্স বোঝার চেষ্টা করলেন। সিলেটের এই ২২ গজে যে নির্ভর করছে তার অধিনায়কত্ব ক্যারিয়ার। ঢাকা টেস্টে ১০৪ রানে হারের পর পুরো পাকিস্তান দলের মুণ্ডপাত চলছে দেশটিতে। সিলেটে সিরিজের শেষ টেস্টে জিততে না পারলে কাপ্তানি খতমের শঙ্কা ঝুলছে। ব্যাট হাতেও সময়টা তার ভালো যাচ্ছে না। আর পেছনের তিন টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের পারফরম্যান্স দেখলে এই পাকিস্তান দলকে এখন যেন ‘জিম্বাবুয়ে’ মনে হচ্ছে!

এমনই নাজুক পারফরম্যান্স পুরো দলটির।

ঠিক বিপরীত অবস্থানে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এতই ভালো পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ যে, এই দলটিই আমাদের টেস্ট ইতিহাসের সেরা দল কি না- দলের এবং দেশের সবচেয়ে অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার মুশফিকুর রহিমকে এখন সেই প্রশ্নও শুনতে হচ্ছে। মুশফিক উত্তর দিলেন এভাবে, ‘আগেও অনেক গ্রেট ইন্ডিভিজুয়াল খেলোয়াড় আমাদের দলে খেলেছে। তবে যদি এখন আমাদের যে টেস্ট দলটা খেলছে ধারাবাহিকতার বিচারে দলটা সব সময়ের সেরা। আমরা এখন বছরে বেশি টেস্ট খেলছি দেখেই অভিজ্ঞ হচ্ছি, সেই অভিজ্ঞতার আলোকেই সামনে বাড়ছি।’

কোনো সন্দেহ নেই এই বাংলাদেশ টেস্ট দলকে নিয়ে বিশাল একটা হাইপ তৈরি হয়েছে। সিলেট টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখাতে না পারলে সেই ‘বেলুন’ চুপসে যেতেও বেশি সময় লাগবে না। তবে এই আশঙ্কার চেয়ে এখন সিলেট টেস্টকে ঘিরে বড় চিন্তার নাম একটাই- বৃষ্টি! পেছনের দুদিনের বৃষ্টি এবং সামনের কদিনের আবহাওয়ার যে পূর্বাভাস তাতে সিলেট টেস্টের পাঁচদিনই বৃষ্টি চোখ রাঙাচ্ছে। বৃষ্টির তোড়ে ম্যাচ শুরুর আগের দিন কোনো দলই ওপেন ফিল্ডে অনুশীলন জমাতে পারেনি। বাংলাদেশ ঘণ্টাখানেক স্টেডিয়ামের আউটডোরে ব্যাটিং অনুশীলন করলেও বৃষ্টি নামলে ইনডোর যেতে বাধ্য হয়। যতক্ষণ বাংলাদেশ দল অনুশীলনে ছিল বৃষ্টি আর থামেনি। আর তাই কাভারে ঢাকা থাকা টেস্ট ম্যাচের উইকেটে নজর বা হাত বুলানোর সুযোগও হলো না।

ইনজুরির কারণে ওপেনার সাদমান ইসলাম সিলেট টেস্টে নেই। তার জায়গায় খেলতে নামছেন তানজিদ হাসান তামিম। সাদা বলে রং ছড়িয়ে বাঁহাতি এই ওপেনারের টেস্ট অভিষেক হচ্ছে সিলেট টেস্টে। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় গতকাল ব্যাটিং অনুশীলন না করলেও টিম ম্যানেজমেন্ট জানিয়েছে তিনি খেলার জন্য ফিট। আর তাই দলে ডাকা জাকির হোসেনকে এই টেস্টে দ্বাদশ ব্যক্তি হয়েই থাকতে হচ্ছে সম্ভবত। সিলেট ভেন্যুতে নিজের খেলা সর্বশেষ টেস্ট ম্যাচের সুখস্মৃতি নিশ্চয়ই আরেকবার রিওয়াইন্ড করে নামবেন জয়। এই মাঠে তার ক্যারিয়ার ১৭১ রানের ঝলমল ইনিংস রয়েছে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে গেল নভেম্বরে। বোলিং বিভাগেও একটা বদলের চিন্তা করছে বাংলাদেশ। ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের সূত্রের প্রয়োগ করলে এই টেস্টে বিশ্রামে থাকবেন তাসকিন আহমেদ। সেক্ষেত্রে একাদশে তার বদলি হতে পারেন বাঁহাতি শরিফুল ইসলাম। ঢাকার মতো সিলেটেও পাকিস্তানের দুশ্চিন্তার সিংহভাগ অংশ জুড়েই থাকছে বাংলাদেশের দুরন্ত পেস বোলিং। আরেকটু সুনির্দিষ্ট করে বললে, নাহিদ রানা!

পেস বিভাগের ওপর শতভাগ আস্থা রয়েছে বলেই সিলেট টেস্টের উইকেট সবুজ রেখেছে বাংলাদেশ। তবে একটু মনে করিয়ে দিই, সিরিজে কামব্যাক করার জন্য পাকিস্তানও মূলত তাকিয়ে রয়েছে তাদের তিন পেসারের দিকেই। সবুজ উইকেট, টগবগে তেজি পেসার- সিলেট টেস্ট উত্তেজনার আমেজ ছড়াচ্ছে।

এই ক্রিকেট আনন্দে না আবার বরবাদ করে দেয় সিলেটের বৃষ্টি?

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তানজিদ তামিম ও শরিফুল

হাসিখুশি সুখী দল, বাংলাদেশ

ওয়ানডেতে ফিরছেন না মুশফিক

বাবর আজমে সমাধান খুঁজছে পাকিস্তান

ম্যাচ হারের পর শাস্তি পেল পাকিস্তান

অস্ট্রেলিয়া সফর নিয়ে রোমাঞ্চিত মুশফিক, পেস আক্রমণে ভরসা

টেস্ট ক্রিকেটই মুশফিকের আবেগ, লক্ষ্য আরও কিছু স্মরণীয় জয়

এখন নতুন লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ

নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসির মাসসেরা নাহিদ

রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হলেন শহীদ আফ্রিদি