গ্রুপ পর্বে ধাক্কা খাওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নতুন করে নিজেদের চেনাল ইংল্যান্ড। কলম্বোর ধীরগতির উইকেটে মাত্র ১৪৬ রান করেও স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫১ রানে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে হ্যারি ব্রুকের দল। এই ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে এটি ইংল্যান্ডের টানা দ্বাদশ জয়।
টস জিতে ফিল্ডিং নেওয়া শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। পরিচিত কন্ডিশন কাজে লাগিয়ে পাওয়ার প্লেতে ৩৭ রানের মধ্যে তুলে নেন ইংল্যান্ডের ২ উইকেট। রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হন জস বাটলার, এরপর প্রথম বলেই ফিরে যান জ্যাকব বেথেল। রানআউটে বিদায় নেন টম ব্যান্টন।
বিপর্যয়ের মধ্যে একাই প্রতিরোধ গড়েন ওপেনার ফিল সল্ট। ৩৬ বলে ফিফটি তুলে নিয়ে শেষ পর্যন্ত ৬২ রান করেন তিনি। শেষ দিকে উইল জ্যাকস ১৪ বলে ২১ রান করে দলকে লড়াইয়ের মতো স্কোর এনে দেন। শ্রীলঙ্কার পক্ষে সেরা বোলিং করেন দুনিত ভেল্লালাগে, ২৬ রানে নেন ৩ উইকেট।
১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং। দ্বিতীয় ওভারেই অফ স্পিনার জ্যাকসকে আক্রমণে এনে সাফল্য পান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ২২ রানে ৩ উইকেট নিয়ে লঙ্কানদের মেরুদণ্ড ভেঙে দেন জ্যাকস।
পাওয়ার প্লের মধ্যেই ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় স্বাগতিকরা। শেষদিকে লড়াই করেন অধিনায়ক শানাকা (৩০) রান। কিন্তু অন্য প্রান্তে সঙ্গ না পেয়ে ১৬.৪ ওভারে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ম্যাচসেরা নির্বাচিত হন তিন উইকেট নেওয়া উইল জ্যাকস।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ২০ ওভারে ১৪৬/৯ (সল্ট ৬২, জ্যাকস ২১; ভেল্লালাগে ৩/২৬, তিকশানা ২/২১, মাদুশঙ্কা ২/২৫)
শ্রীলঙ্কা : ১৬.৪ ওভারে ৯৫ (শানাকা ৩০, কামিন্দু ১৬; জ্যাকস ৩/২২, রশিদ ২/১৩, আর্চার ২/২০, ডসন ২/২৭)
ফল : ইংল্যান্ড ৫১ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : উইল জ্যাকস