ক্রিকেট বিশ্বে একসময়ের অত্যন্ত জনপ্রিয় টুর্নামেন্ট ‘চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি’ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা থেকে সরে এসেছে আইসিসি। বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের সেরা দলগুলোকে নিয়ে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট হয়েছিল, যার ছয়টি আসরের মধ্যে ভারতীয় দলগুলো চারবারই শিরোপা জিতেছিল। ২০১৪ সালের পর থেকে এটি বন্ধ রয়েছে।
সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যাপক বিস্তার ও জনপ্রিয়তা বৃদ্ধির কারণে টুর্নামেন্টটি পুনরায় চালুর জোরালো আলোচনা শুরু হয়েছিল।
আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল ও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগের শীর্ষ দলগুলোর অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টটি ফেরানোর উদ্যোগ নেওয়া হলেও, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচি এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে সঠিক সময়ে সূচি মেলানোর জটিলতার কারণে তা অবাস্তব হয়ে দাঁড়ায়।
শেষ পর্যন্ত সব দিক বিবেচনা করে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি ফেরানোর ভাবনা পুরোপুরি বাতিল করেছে আইসিসি।