হোম > খেলা > ক্রিকেট

ক্রীড়াবিদদের স্বাস্থ্যসুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা স্মারক স্বাক্ষর

স্পোর্টস রিপোর্টার

মাঠের লড়াইয়ে ইনজুরি কিংবা অসুস্থতায় অনেক সময় সম্ভাবনাময় ক্যারিয়ার থমকে যায়—অর্থ ও পর্যাপ্ত চিকিৎসার অভাবে অসহায় হয়ে পড়েন বহু ক্রীড়াবিদ। দেশের ক্রীড়াবিদদের এই দীর্ঘদিনের দুশ্চিন্তা লাঘবে এগিয়ে এসেছে রাষ্ট্রীয় ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা ও দেশের অন্যতম শীর্ষ চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও ল্যাবএইড গ্রুপের মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারকের ফলে এখন থেকে ক্রীড়া কার্ডধারী খেলোয়াড় এবং তাদের পরিবারের সদস্যরা বিশেষ ছাড়ে আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এই চুক্তির আওতায় ল্যাবএইড হাসপাতাল, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং ল্যাবএইড টেলিমেডিসিন প্ল্যাটফর্ম থেকে ক্রীড়া কার্ডধারীরা পাবেন বহির্বিভাগীয় প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ ছাড়। সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, ইকো, ইটিটি ও আল্ট্রাসনোগ্রামসহ নির্ধারিত পরীক্ষায় থাকছে ১৫ শতাংশ ছাড়, ইনডোরে ভর্তি রোগীদের বেড চার্জে বিশেষ ছাড়। ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে প্যাথলজি, বায়োকেমিস্ট্রি ও ডায়াগনস্টিক পরীক্ষার সঙ্গে ভর্তি রোগী এবং কেমো ডে কেয়ার বেড চার্জে বিশেষ ছাড় পাবেন খেলোয়াড়রা।

লাইফ প্লাস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে টেলিমেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও অ্যাপয়েন্টমেন্ট, বাসা থেকে নমুনা সংগ্রহ (হোম স্যাম্পল কালেকশন), অ্যাম্বুলেন্স বুকিং সহায়তা এবং ওষুধ হোম ডেলিভারিতে থাকবে নির্ধারিত ছাড়।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ক্রীড়াবিদদের সামগ্রিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘সরকার এমন একটি ক্রীড়াব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে ক্রীড়াবিদরা প্রশিক্ষণ, চিকিৎসা, আর্থিক সহায়তা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা এবং অবসর-পরবর্তী জীবনেও রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা পাবেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সমন্বিত ক্রীড়াবিদ কল্যাণব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।’

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। অনুষ্ঠানে মন্ত্রণালয়, এনএসসি ও ল্যাবএইড গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

৭ শহরে একাডেমি ও নারীদের মাতৃত্বকালীন ছুটিসহ বেশকিছু নতুন উদ্যোগ বিসিবির

পান্তের ব্যাটে রেকর্ডের ঝড়, ৭২০ রানে ইনিংস ঘোষণা ভারতের

ছোট পর্দায় লিভারপুল-ম্যানইউ ম্যাচের সঙ্গে থাকছে বার্সেলোনা-ভিয়ারিয়ালের লড়াই

একজন পেসার কম খেলানোয় ডোনাল্ডও ‘হতবাক’

নিখিলের অলরাউন্ড ঝলক, অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়

‘শেবাগ হতে আসিনি, আর্যবীর হতে এসেছি’

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম

স্যান্ডপেপারগেট ইস্যুতে কামিন্সের পাশে হ্যাজলউড

স্যান্ডপেপারগেট কাণ্ডে কামিন্সকে ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘সর্বসম্মত সমর্থন’

রাহুলের সেঞ্চুরিতে ওয়েলিংটনে ভারতের লিড