হোম > খেলা > ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন এসে দাঁড়িয়েছে চূড়ান্ত মোড়ে। প্রথম ম্যাচে জয় পাওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ, আর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় শেষ ম্যাচটাই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য। শনিবারের এই লড়াইয়ে জিতলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা, আর জয় পেলে সমতায় শেষ করবে নিউজিল্যান্ড। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ২টায়।

সিরিজের আগে-পরে আলোচনায় ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করার বিষয়টি। তবে বাংলাদেশ দলের ব্যাটার শামীম পাটোয়ারী সেটিকে এখন অতীত হিসেবেই দেখছেন। তার ভাষায়, “দুর্ভাগ্যক্রমে আমরা বিশ্বকাপটা খেলতে পারিনি, তবে সেটি এখন অতীত।” বরং সাম্প্রতিক পারফরম্যান্সেই আত্মবিশ্বাস খুঁজছেন তিনি। “আমরা গত অনেক টি-টোয়েন্টি সিরিজ জিতেছি। দলের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে,” যোগ করেন এই বাঁহাতি ব্যাটার।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাস আরও বেড়েছে বাংলাদেশের শিবিরে। শামীম মনে করেন, ইতিবাচক মানসিকতা ধরে রাখতে পারলে শেষ ম্যাচেও ভালো করা সম্ভব। “আমরা ভালো খেলেছি, আমাদের মানসিকতাও ইতিবাচক ছিল। সেটাই ধরে রাখতে চাই,” বলেন তিনি। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ—এ কথাও স্পষ্ট করে দিয়েছেন শামীম, “আমাদের সামনে ভালো সুযোগ আছে সিরিজ জেতার। আমরা অবশ্যই জয়ের জন্যই খেলতে চাই।”

অন্যদিকে সফরকারী নিউজিল্যান্ডও হাল ছাড়তে নারাজ। দলের অলরাউন্ডার ডিন ফক্সক্রফট মনে করছেন, প্রথম ম্যাচে জয় হাতছাড়া হলেও তারা খুব কাছাকাছিই ছিল। “আমরা প্রথম ম্যাচে জয়ের খুব কাছাকাছি ছিলাম, শুধু পরিকল্পনা বাস্তবায়নে কয়েক ওভার পিছিয়ে ছিলাম। আমাদের মাঝে কোনো আতঙ্ক নেই,” বলেন তিনি।

বাংলাদেশের কন্ডিশনে নিজের ভূমিকা নিয়েও কথা বলেছেন ফক্সক্রফট। “নিউজিল্যান্ডে আমি যে ভূমিকায় খেলি, এখানে তা কিছুটা আলাদা। আমার লক্ষ্য বর্তমান নিয়ে মনোযোগী থাকা,” বলেন এই কিউই ক্রিকেটার। সিরিজে সমতা ফেরানোর ব্যাপারেও আশাবাদী তিনি, “অবশ্যই এখানে জিতে আমাদের সিরিজে সমতা আনার সুযোগ আছে… আশা করছি আমরা সেরাটা দিয়ে জয় ছিনিয়ে নিতে পারব।”

কন্ডিশনের দিক থেকে স্বাগতিকদের এগিয়ে রাখতেই হচ্ছে। ধীরগতির উইকেট, স্পিন সহায়ক পরিবেশ এবং ঘরের মাঠের অভিজ্ঞতা—সব মিলিয়ে বাংলাদেশের জন্য বড় সুবিধা। প্রথম ম্যাচেও স্পিনারদের নিয়ন্ত্রণ এবং মিডল অর্ডারের কার্যকর ব্যাটিং পার্থক্য গড়ে দিয়েছিল। অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য চ্যালেঞ্জ থাকবে এই কন্ডিশনে নিজেদের মানিয়ে নেওয়া এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ভুল কমানো।

সব মিলিয়ে সিরিজ নির্ধারণী এই ম্যাচে সামান্য এগিয়ে বাংলাদেশই। তবে টি-টোয়েন্টির অপ্রত্যাশিত চরিত্রে এক ঝলক পারফরম্যান্সই বদলে দিতে পারে ম্যাচের ফল। তাই উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ের অপেক্ষায় দুই দলই, যেখানে শেষ হাসি কে হাসবে—সেটাই এখন দেখার।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

শুধু সাকিব নয়, মাশরাফি-দুর্জয়দের কথাও শুনতে চান তামিম

তামিমের উদ্যোগে বাংলাদেশে হবে ‘কাউন্টি’ সংস্কৃতি

জ্যোতির রেকর্ড ছাপিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

ছয় বলে ছয় উইকেট শিকার মাইলস ডেভিসের

বিশ্বকাপে না যাওয়া ছিল ‘বড় ভুল’, বললেন সাকিব

এসএলসিতে সবার পদত্যাগ

নাহিদ রানা যাবেন পিএসএলে!