পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই নিউজিল্যান্ডকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। আগামী মাসেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউ জিল্যান্ড। তিন সপ্তাহের সফরে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড দল। শুধুই সীমিত ওভারের সিরিজের এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে কিউইরা।
এই সিরিজকে সামনে রেখে সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচিতে দেখা যায়, ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। এরপর তিনদিন বিশ্রাম ও অনুশীলন শেষে ১৭ এপ্রিল প্রথম ওয়ানডেতে মাঠে নামবে তারা সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ২০ এপ্রিল। প্রথম দুটি ওয়ানডেই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয়টি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে, ২৩ এপ্রিল। তিনটি ম্যাচই শুরু হবে বেলা ২টায়।
এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি ২৭, ২৯ এপ্রিল ও ২ মে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে চট্টগ্রামে, তৃতীয় ও শেষটি ঢাকায়। বিশ ওভারের ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়।