বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে তার বিদায়ে শুধু একজন কোচকে নয়, একজন অভিভাবককেই যেন হারানোর অনুভূতি হচ্ছে মুমিনুল হকের।
দীর্ঘদিন দেশের ক্রিকেটে কাজ করা সালাউদ্দিন সম্প্রতি জাতীয় দলের দায়িত্ব ছেড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের দায়িত্ব নিতে যাচ্ছেন। ১৮ মাস জাতীয় দলের সঙ্গে কাজ করার পর নতুন ভূমিকায় যাচ্ছেন এই অভিজ্ঞ কোচ।
সালাউদ্দিনকে নিয়ে মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে আবেগঘন বার্তা দিয়েছেন মুমিনুল। সেখানে তিনি লিখেছেন, জাতীয় দলে অনেক কোচের সঙ্গে কাজ করলেও খুব কম মানুষ আছেন, যাদের উপস্থিতি একজন ক্রিকেটারকে মানসিকভাবেও বদলে দিতে পারে। তার ভাষায়, সালাউদ্দিন তাদেরই একজন।
বিকেএসপির দিনগুলোর স্মৃতিচারণ করে মুমিনুল বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই সালাউদ্দিন তার জন্য অভিভাবকের মতো ছিলেন। জাতীয় দলে আবারও তার সঙ্গে কাজ করার সুযোগটাকে নিজের ক্যারিয়ারের অন্যতম সৌভাগ্যের অধ্যায় বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজের প্রসঙ্গও টেনেছেন মুমিনুল। তার মতে, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ শেষ করতে পারাটা যেমন দলের জন্য গর্বের, তেমনি সালাউদ্দিনের জন্যও হয়েছে দারুণ এক বিদায়।
এছাড়া ছোট ছোট বিষয় নিয়ে সালাউদ্দিনের কাজ করার ধরন এবং খেলাটাকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিত বলেও মন্তব্য করেন এই বাঁহাতি ব্যাটার।
সবশেষে নতুন দায়িত্বের জন্য সালাউদ্দিনকে শুভকামনা জানিয়ে মুমিনুল বলেন, হাই পারফরম্যান্স বিভাগে যারা তার অধীনে কাজ করবে, তারাও নিশ্চয়ই অনেক কিছু শিখতে পারবে।