ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ আগে থেকেই নির্ধারিত ছিল। আজ (৮ সেপ্টেম্বর) ওই সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি।
আগামী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দুটো টেস্ট ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে 'এ' দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। ২২-২৪ সেপ্টেম্বর ম্যাচটি আয়োজিত হবে বসুন্দরা স্পোর্টস কমপ্লেক্সে।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর। ওই ম্যাচ শেষে সিলেটে উড়াল দেবে দু'দল। ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। দুটি টেস্টই শুরু হবে সকাল ১০টায়।
চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ৪ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। এবার ফাইনালে খেলার সুযোগ রয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য।