একটি টেস্ট ম্যাচ অনেকটা দীর্ঘ পথচলার মতো। কখনো চড়াই, কখনো উতরাই। কোথাও গতি বাড়াতে হয়, কোথাও থেমে পরিস্থিতি বুঝতে হয়। কিন্তু পথের মাঝখানে যদি চালক বুঝতেই না পারেন, তার হাতে পর্যাপ্ত জ্বালানি আছে কি না, তাহলে গন্তব্যে পৌঁছানো কঠিন। জোহানেসবার্গে বাংলাদেশের অবস্থাও ছিল অনেকটা তেমন। প্রথম ইনিংসে ৪০০ রান করেও শেষ পর্যন্ত হারতে হয়েছে ৯ উইকেটে। ব্যাটাররা একবার আলো জ্বালিয়েছেন, তো বোলাররা সেই আলো ধরে রাখতে পারেননি। এখন সামনে সেঞ্চুরিয়ান। প্রশ্ন, একই ভুলের বোঝা নিয়েই কি ফের মাঠে নামবে বাংলাদেশ?
জোহানেসবার্গে চারজন মূল বোলার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। তাসকিন, হাসান, এবাদত ও মিরাজের ওপরই ছিল আক্রমণের মূল দায়িত্ব। পঞ্চম বোলিং বিকল্প হিসেবে হাত ঘোরাতে হয়েছে মুমিনুল হককে। তিনি বল করেছেন ১৬ ওভার! একজন খণ্ডকালীন বোলারের ওপর ১৬ ওভার নির্ভর করাটাই মূলত পরিকল্পনার দুর্বলতা। দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে, যেখানে প্রতিপক্ষের ব্যাটিং গভীরতা এবং ঘরের মাঠের সুবিধা দুটোই আছে, সেখানে চার বোলারের আক্রমণ কতটা কার্যকর হতে পারে? টেস্ট ক্রিকেটে চার বোলার নিয়ে খেলা যায়, কিন্তু সেই সিদ্ধান্তের পেছনে শক্ত যুক্তি থাকতে হয়। জোহানেসবার্গে বাংলাদেশ যুক্তির পরীক্ষায় ডাহা ফেল।
সেঞ্চুরিয়ানে হাসান মাহমুদ থাকছেন না। টেনিস এলবো সমস্যায় সফর শেষ তার। জোহানেসবার্গে প্রথম ইনিংসে ১১৮ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন তিনি। এমন একজন বোলার না থাকলে আক্রমণের ভার আরো বাড়বে অন্যদের কাঁধে। তাহলে কি আবার চার বোলারেই ভরসা রাখবে বাংলাদেশ? নাকি একজন বাড়তি বিশেষজ্ঞ বোলার নিয়ে অন্তত পাঁচটি কার্যকর বিকল্প তৈরি করবে? সেঞ্চুরিয়ানের জন্য একাদশ সাজাতে এই প্রশ্নের উত্তর আগে দিতে হবে।
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৫৫৭ রান তুলেছে। অ্যাকারম্যানের ১৫৭, রিকেলটনের ১০২, হামজার ৮৩ বাংলাদেশের বোলিংয়ের সীমাবদ্ধতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রতিপক্ষের ইনিংস ১২৪.১ ওভার স্থায়ী হয়েছে। এমন দীর্ঘ ইনিংসে চার বোলারের ওপর চাপ পড়াই স্বাভাবিক। কিন্তু পরিকল্পনা যদি শুরুতেই বোলার কমিয়ে দেয়, তাহলে অধিনায়কের হাতে বিকল্প থাকবে কোথায়? টেস্টে শুধু ভালো বোলার থাকলেই হয় না, তাদের ব্যবহার করার মতো পর্যাপ্ত বিকল্পও থাকতে হয়।
এবার ব্যাটিংয়ের দিকে নজর দিলে দুই অভিজ্ঞ মুখ মুমিনুল হক ও মুশফিকুর রহিমের দিকেও কঠিন প্রশ্ন ছুড়ে দেওয়া যায়। সেই সময় এসে গেছে। সিনিয়র তকমায় দলে জায়গা ধরে রেখেছেন দুজন। কিন্তু এই পরিচয় কোনো ক্রিকেটারের জন্য আজীবন নিরাপত্তাবলয় হতে পারে না। আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা ধরে রাখতে হয় রান দিয়ে, পারফরম্যান্স দিয়ে। অতীতের অবদান সম্মানের, কিন্তু বর্তমানের ব্যর্থতা ঢাকার ঢাল নয়।
সবশেষ পাঁচ টেস্টে মুমিনুলের ইনিংসভিত্তিক রান যথাক্রমে ০ ও ১, ২৮, ৩৯ ও ৭, ৯ ও ০ এবং ৪৯ ও ৩০ অপরাজিত। পাঁচ টেস্টে মোট ১৬৩ রান, ৯ ইনিংসে গড় ২০.৩৭। জোহানেসবার্গে দুই ইনিংসে তার সংগ্রহ মাত্র ১ রান। একজন টপ অর্ডার ব্যাটারের জন্য এমন পরিসংখ্যান কোনোভাবেই স্বস্তির নয়। মুশফিকের সবশেষ পাঁচ টেস্টে ইনিংসভিত্তিক রান ০ ও ২২, ৩৪ ও ৪৯, ০ ও ৮১, ৫ ও ২৯ অপরাজিত এবং ৩৬। মোট ২৫৬ রান, ৯ ইনিংসে গড় ৩২। জোহানেসবার্গে প্রথম ইনিংসে শূন্য এবং দ্বিতীয় ইনিংসে ২২ রান মুশফিককে দাঁড় করিয়ে দিয়েছে কাঠগড়ায়।
প্রশ্ন হলো, শুধু নামের পাশে ‘সিনিয়র’ লেখা থাকলেই কি টেস্ট দলে জায়গা নিশ্চিত? পৃথিবীর কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্ট দল কি এমন নীতি অনুসরণ করে? নির্বাচকদের সিদ্ধান্ত নিতে হবে সাম্প্রতিক ফর্ম, বিকল্প খেলোয়াড়ের সামর্থ্য এবং দলের প্রয়োজন বিবেচনা করে। কাউকে বাদ দেওয়ার জন্য বাদ দেওয়া নয়, কিন্তু পারফরম্যান্সের প্রশ্নে কাউকে ছাড় দেওয়ারও সুযোগ নেই। না হলে সেঞ্চুরিয়ানে অপেক্ষা করছে আরো বড় বিপর্যয়।
সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্ক দক্ষিণ আফ্রিকার জন্য লাকি ভেন্যু। এখানে হওয়া সবশেষ পাঁচ টেস্টের চারটিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। ২০২৪ সালে পাকিস্তানকে ২ উইকেটে, ২০২৩ সালে ভারতকে ইনিংস ও ৩২ রানে এবং ওয়েস্ট ইন্ডিজকে ৮৭ রানে হারিয়েছে তারা। ২০২০ সালে শ্রীলঙ্কার বিপক্ষেও জয় পেয়েছে ইনিংস ও ৪৫ রানে। শুধু ২০২১ সালে ভারত জিতেছিল ১১৩ রানে। মাঠটির পেস ও বাউন্সের সুবিধা আছে। এই উইকেটে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে পারে স্বাগতিকরা। বাংলাদেশকেও অবস্থা বুঝে পরিকল্পনা করতে হবে।
এই উইকেটে বাংলাদেশের দরকার ভারসাম্যপূর্ণ একাদশ। একজন বাড়তি বিশেষজ্ঞ বোলার, বোলারদের কাজ ভাগ করে দেওয়ার পরিকল্পনা এবং ব্যাটিংয়ে দায়িত্বশীলতা; তিনটি বিষয়ই জরুরি। প্রথম ইনিংসে ৪০০ করে দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে যাওয়ার দল টেস্ট জিততে পারে না। জোহানেসবার্গের হার কেবল একটি ম্যাচের পরাজয় নয়, ভুল পরিকল্পনারও ফল। সেঞ্চুরিয়ানে সেখান থেকে বেরিয়ে আসতে হবে।
জোহানেসবার্গে বাংলাদেশের ভুল ছিল পরিকল্পনায়, বাস্তবায়নে এবং একাদশ নির্বাচনের ভারসাম্যে। সেঞ্চুরিয়ানে প্রতিপক্ষ বদলাচ্ছে না, বদলাতে হবে বাংলাদেশকেই। চার বোলারের সীমিত আক্রমণ, ফর্মহীন ব্যাটারদের প্রতি অতিরিক্ত আস্থা আর সিনিয়রদের জন্য আলাদা ছাড়; এসব নিয়ে আরেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ কী করবে, তার উত্তর শুধু একাদশে নয়; লুকিয়ে আছে সিদ্ধান্ত নেওয়ার সাহসেও।