হোম > খেলা > ক্রিকেট

স্পিন সামলানোর প্রস্তুতি আছে নিউজিল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার

নিউজিল্যান্ড আর বাংলাদেশের মধ্যে কন্ডিশনের পার্থক্য আকাশ-পাতাল। বাংলাদেশের মাটিতে তীব্র গরমের মধ্যে খেলতে হবে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। আবহাওয়ার এই চ্যালেঞ্জের সঙ্গে কিউইদের জন্য বাধা হতে পারে স্পিন। বাংলাদেশ সফরে স্পিনকে হুমকি হিসেবে দেখছেন না অধিনায়ক টম লাথাম। তার বিশ্বাস, স্পিন সামলানোর চ্যালেঞ্জ নেওয়ার মতো সামর্থ্য আছে তাদের।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ দুই দফায় ঢাকায় পৌঁছায় কিউইরা। আইপিএল ও পিএসএল চলায় অনেক সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশে খেলতে আসছে তারা। এ নিয়ে অধিনায়ক টম লাথাম বলেন, ‘যে ধরনের দল দেখতে আমরা অভ্যস্ত, এ দলটি পরিষ্কারভাবেই একটু আলাদা।’

চোট, বিশ্রাম আর ছুটি-সব মিলিয়ে নিউজিল্যান্ডের বেশিরভাগ সিনিয়র ক্রিকেটার নেই বাংলাদেশ সফরে। তাতে বলাই যায় ‘বি’ কিংবা ‘সি’ ক্যাটাগরির দল নিয়ে আসছে কিউইরা। তবে এমন দল হলেও বেশিরভাগ ক্রিকেটারের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। সে অভিজ্ঞতা কাজে লাগাতে চান লাথাম।

তার কথায়, ‘আইপিএল ও পিএসএলে অনেক ক্রিকেটার থাকায় কিছু তরুণ খেলোয়াড় সুযোগ পাচ্ছে। যদিও এমন নয় যে এদের সবাই তরুণ, তবে এমন কিছু ক্রিকেটার আছে, যাদের অভিজ্ঞতা আমাদের পরিচিতদের চেয়ে কিছুটা কম। কিন্তু পুরো স্কোয়াডের দিকে তাকালে দেখা যাবে প্রত্যেকেই কোনো না কোনো সময় নিউজিল্যান্ডের হয়ে খেলেছে, সেটা টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে।’

তিনি আরো যোগ করেন, ‘প্রত্যেকেরই কিছু আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকা এ সফরের জন্য আশার কথা।’

অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশে আসা নিউজিল্যান্ড অধিনায়ক ভাবছেন স্পিন চ্যালেঞ্জ নিয়ে। সেই চ্যালেঞ্জ উতরে যাওয়ার ব্যাপারে আশাবাদী লাথাম বলেন, ‘উইকেটের যে সম্ভাব্য ধরন, সেটির সঙ্গে মানিয়ে নেওয়ার সামর্থ্য আমাদের আছে বলেই মনে করি। আগের খেলাগুলো পর্যালোচনা করে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হয়। বাংলাদেশে যাওয়ার আগে অবশ্যই আমরা জানি স্পিন সেখানে এক বিশাল ভূমিকা পালন করে। এটা বুঝতে হবে যে, নিউজিল্যান্ডের চেয়ে ওখানকার পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে।’

তিনি আরো যোগ করেন, ‘কন্ডিশনই কখনো কখনো খেলার ধরন ঠিক করে দেয়। যেহেতু আমি অনেক দিন ধরে খেলছি, তাই ওই ধরনের পরিস্থিতিতে নিজের অভিজ্ঞতার ওপর নির্ভর করতে হয়। আশা করি যারা আগে এই কন্ডিশনে খেলেছে, তারা কিছুটা অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারবে। রোমাঞ্চকর একটি সফর হবে এটি। আমার মনে হয় অনেক সুযোগ থাকছে এখানে।’

গতকাল বাংলাদেশে পা রাখা নিউজিল্যান্ড দল আজ থেকে শুরু করবে অনুশীলন। আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুই ওয়ানডের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ২৩ এপ্রিল তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। আর প্রথম দুই টি-টোয়েন্টি যথাক্রমে ২৬ ও ২৮ এপ্রিল চট্টগ্রামে। তৃতীয় টি-টোয়েন্টি ২ মে মিরপুরে।

আন্তর্জাতিক মানে ফিরছে শহীদ চান্দু স্টেডিয়াম, হবে স্পোর্টস ভিলেজও

প্রিমিয়ার লিগের দলবদলের তারিখ চূড়ান্ত

২২ বছরে বয়সেই ৭৯২ কোটি টাকার মালিক, টেনিসের সেরা পাঁচে আলকারাজ

বাড়ল নারী বিশ্বকাপের প্রাইজমানি

বাংলাদেশে নিউজিল্যান্ড দল

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির স্মৃতি রোমন্থন খালেদ মাসুদ পাইলটের

পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণে পদচ্যুত পরিচালকরা

কারামতিয়া মাদ্রাসা ও সাতক্ষীরা সরকারি স্কুলের জয়

দুই দফায় আসছে নিউজিল্যান্ড

ডিপিএলে অনিশ্চিত রূপগঞ্জ-ব্রাদার্স