বৃষ্টিবিঘ্নিত লর্ডস টেস্টের প্রথম দিনের শুরুটা দারুণ করেছিলেন পাকিস্তানের বোলাররা। কিন্তু শেষটা প্রত্যাশিত হয়নি। দিনশেষে ৯ উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোর বোর্ডে জমা হয়েছে ২৪৮ রান। টস হেরে ব্যাটিংয়ে শুরুটা ভালো ছিল না তাদের। পাকিস্তানের ডানহাতি পেসার মোহাম্মদ আব্বাসের বিধ্বংসী বোলিংয়ে ইংল্যান্ডের টপ অর্ডারে ধস নামে। দলীয় ৭৭ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে জেমি স্মিথ আর জর্ডান কক্স মিলে দলকে টেনে তুলেন। পঞ্চম উইকেটে লরেন্সের সঙ্গে ৪৩ এবং ষষ্ঠ উইকেটে স্মিথের সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন কক্স। ৫৫ রানে তিনি আউট হলেও অ্যাথকিনসনের সঙ্গে ৩৫ রানের জুটি গড়ে দলকে এগিয়ে দেন স্মিথ। ব্যক্তিগত ৬১ রানে আউট হন তিনি। তবে দিনশেষে ৩৪ রানে অপরাজিত থাকেন অ্যাথকিনসন। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস সর্বোচ্চ ৪ উইকেট নেন। মোহাম্মদ আলি নেন দুটি উইকেট। এই টেস্টে দলে ফিরেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিনশেষে)
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৪৮/৯ (স্মিথ ৬১, কক্স ৫৫, অ্যাথকিনসন ৩৪*; আব্বাস ৪/৫৬, আলি ৩/৬৭ ও খুররাম ১/৭৯)।
টস: পাকিস্তান।