প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ত্রাতা হয়ে দাঁড়ালেন তাওহীদ হৃদয়। দ্রুত ২ উইকেট হারানোর পর মুশফিকুর রহিমকে নিয়ে ১২২ রানের জুটি গড়ে দলকে হার এড়ানোর পথে ভালোভাবেই রেখেছেন হৃদয়। বাস্তবতার নিরীখে তেমন সুযোগ না থাকলেও কাগজে-কলমে আছে জয়ের সুযোগও। সেক্ষেত্রে শেষ সেশনে লাগবে ২০৭ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৬২ রান। ৮২ রানে অপরাজিত আছেন হৃদয়, ৪০ রান করেছেন মুশফিক।
প্রথম ইনিংসে রেকর্ডগড়া ২৪২ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে আরও একটি রেকর্ডের মালিক হলেন তাওহীদ হৃদয়। বাংলাদেশের হয়ে এক টেস্টের দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন হৃদয়ের।
টেস্টের দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটা এতদিন ছিল মুমিনুল হকের। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করে ২৮১ রান করেছিলেন মুমিনুল হক। ইতোমধ্যে সেই রেকর্ড টপকে গিয়েছেন হৃদয়।
মুমিনুলকে টপকাতে দ্বিতীয় ইনিংসে হৃদয়ের দরকার ছিল ৪০ রান। ইতোমধ্যে ফিফটি করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হৃদয় অপরাজিত আছেন ৬২ রানে। তাতে দুই ইনিংসে তার মোট স্কোর দাঁড়িয়েছে ৩০৪ রান।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২৭ রান। জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ২৪২ রান, হাতে ৪১ ওভার এবং ৮ উইকেট।
এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান করে। জবাব দিতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮৬ রান করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৯৮ রান নিয়ে ডিক্লেয়ার করে উইন্ডিজ। তাতে শেষ ইনিংসে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।