হোম > খেলা > ক্রিকেট

আমরা দেশবাসীর কাছে লজ্জিত, ব্রোঞ্জ পদক হারিয়ে কোচ সালাউদ্দিন

স্পোর্টস রিপোর্টার

'সত্যি বলতে, আমরা দেশবাসীর কাছে আসলে খুবই লজ্জিত। কোচ হিসেবে মনে হচ্ছে, আমরা ব্যর্থ হয়েছি। আমরা দেশবাসীকে যে আশা দিয়েছিলাম, সেখানে কিছু করতে পারিনি। খুবই হতাশাজনক এবং পুরো দেশবাসীর কাছে আমরা লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী,' এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হারের পর এভাবেই দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ সালাউদ্দিন।

এশিয়ান গেমসে আজ (৩ অক্টোবর) তৃতীয় স্থান নির্ধারণী অর্থাৎ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। সেখানে তুলনামূলক দুর্বল শ্রীলঙ্কান দলের কাছে হেরে গিয়েছে লিটন দাসের পূর্ণ শক্তির দল। আর তাতে ব্রোঞ্জ পদকও হারাল বাংলাদেশ।

এশিয়ান গেমসের সর্বশেষ আসরে পূর্ণশক্তির দল না পাঠিয়েও ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ৷ এবার পূর্ণশক্তির দল পাঠিয়ে উল্টো সেই পদকও হাতছাড়া করেছে টাইগাররা। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরেছে তারা, অথচ এই দুটি দলের কেউই তাদের পূর্ণশক্তির দল এবার পাঠায়নি। শুধু তাই নয়, ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশকে রীতিমতো দুমড়েমুচড়ে দিয়ে হারিয়েছে শ্রীলঙ্কা। অথচ মাত্র ২ দিন আগে ভারতের কাছে ৪৬ রানে অলআউট হয়েছিল তারা।

দলের এমন বিপর্যয়ের পর স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন আসতে শুরু করেছে৷ আর সেসব প্রশ্নের সামনে রীতিমতো আত্মসমর্পণ করলেন কোচ সালাউদ্দিন। শুরুতেই দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।

হারের ব্যাখ্যায় এই কোচ বলেন, 'আজকে যে উইকেটটা ছিল......এই উইকেটে বোলাররা কয়েকটা ওভার খুবই খারাপ বল করেছে। বিশেষ করে যারা প্রিমিয়াম বোলার... টি-টোয়েন্টি স্পেশালিস্ট, তারা আজকে বেশি রান দিয়ে দিয়েছে। বোলিংয়ে আমাদের একটা ব্যর্থতা ছিল। আর ব্যাটিংয়ে.......আমি আবারও বলছি যে ব্যাটিংয়ে আমাদের পাওয়ার প্লেতে বেশি উইকেট পড়ে যাওয়াতে এখান থেকে ম্যাচটা জেতা কঠিন।

তিনি আরও বলেন, 'খেলোয়াড়রা তাদের সর্বাত্মক চেষ্টা করেছে, কিন্তু আমরা পরিকল্পনা ঠিকমতো কাজে লাগাতে পারিনি। আমাদের প্রিমিয়াম বোলাররা এই উইকেটে যেরকম বল করবে আশা করেছিলাম, সেটা আমরা করতে পারিনি। স্পিনাররা খুবই ভালো বল করেছে। ব্যাটিংয়ে আমরা খুব তাড়াহুড়ো করতে গিয়ে....আজকে প্রথমেই পাওয়ার প্লেতে যখন চার-পাঁচটা উইকেট পড়ে যায়, আসলে এখান থেকে ম্যাচ বের করাটা খুব কঠিন ছল। কারণ অন্যান্য দলের মতো আমাদের আসলে খুব বেশি অলরাউন্ডার নেই।'

গত কয়েক বছরে সাদা বলে বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজুর রহমান। তবে এই এশিয়ান গেমসটা দুঃস্বপ্নের মতো কেটেছে টাইগার পেসারের। তবে কাটার মাস্টারের পাশে দাঁড়ালেন কোচ। জানিয়েছেন, মুস্তাফিজ আরও খারাপ করলেও তার পক্ষই নেবেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, '৫টা বোলার নিয়ে আমরা খেলছি, এর মধ্যে সাইফও... ৬ নম্বর বোলার হিসেবে সাইফও আজকে ভালো বল করেছে। ও (মুস্তাফিজ) তো সারা জীবনই আমাদের ডেথ ওভার বিশেষজ্ঞ। আমাদের তার ওপর আমাদের এখনো বিশ্বাস আছে। সে যদি আরও খারাপ করে, তবুও আমরা হয়তো তাকে সেভাবে ব্যাক করব।'

এশিয়ান গেমস নিয়ে হতাশা প্রকাশ করে ভবিষ্যতে ভালো খেলার প্রত্যাশার কথা জানিয়েছেন কোচ, 'তারা( ক্রিকেটাররা) দেশের জন্য সবসময়ই লড়াই করে। তারা ব্যর্থ হয়েছে, সেটা এটা নিয়ে আমরা অবশ্যই লজ্জিত এবং আমরা এটাকে কীভাবে প্রক্রিয়া করা যায়, সেটা নিয়ে আমরা চেষ্টা করব। আমরা দল হিসেবে ভালো পারফর্ম করি নি। আমি এখানে অনেক হতাশ, সবার মধ্যেই আছে হতাশা। সবাই এখানে জেতার জন্য এসেছি, একটা লক্ষ্য নিয়ে এসেছি। সেখানে আমরা ব্যর্থ হয়েছি। আশা করি, ভবিষ্যতে তারা ভালো খেলবে।'

এবারের এশিয়ান গেমস চলাকালে জাপানে ৩ ক্রিকেটার টিম ম্যানেজারকে না জানিয়ে নাগোয়ার বাইরে অন্য শহরে ঘুরতে চলে গিয়েছিলেন৷ এক্ষেত্রে বিসিবি শাস্তি দিলেও বিষয়টি সামনে এনেছে ক্রিকেটারদের গাফিলতির দিকটি। ব্রোঞ্জের ম্যাচে দলের অসহায় আত্মসমর্পণের পর সামনে এসেছে সেই বিষয়টিও। তবে কোচ সালাউদ্দিন খেলোয়াড়দের মধ্যে কোনো চেষ্টার অভাব দেখছেন না।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'খেলোয়াড়রা এখানে সবাই দেশের জন্যই খেলতে আসছে। একেবারে প্রথম দিন যেটা হয়েছিল, সেটার জন্য তো বোর্ড তাদেরকে শাস্তি দিয়েছে। একটা ফয়সালা তো হয়েছেই, সেটাকে আবার নতুন করে তোলার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না।'

​

পূর্ণশক্তির দল নিয়ে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের

২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড

টাইগারদের সহকারী কোচ হলেন মালিবাংওয়ে মাকেতা

এই হারকে যেভাবে ব্যাখ্যা করছেন অধিনায়ক লিটন

ইংল্যান্ড ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ

ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের

ক্রিকেটের তিন ফরম্যাটেই বড় বদল আনল আইসিসি