বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থাকছে না, এমন আলোচনার মধ্যেই নতুন বার্তা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের পরিবর্তিত কাঠামো বা নতুন মডেলের একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে আগামী অক্টোবরে ঘোষণা আসতে পারে। বৃহস্পতিবার বিকেলে বিসিবিতে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি তামিম ইকবাল এমনটাই জানিয়েছেন।
তামিম জানিয়েছেন, দেশের ঘরোয়া ক্রিকেটকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছে বিসিবি। ক্রিকেটারদের ম্যাচ ও আয়ের সুযোগ বাড়ানোর পাশাপাশি একটি নতুন ধরনের টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের কথাও ভাবছে বোর্ড।
বিপিএল নিয়ে গত কয়েক বছরে নানা বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে বিলম্ব ও আর্থিক অনিয়মের অভিযোগে টুর্নামেন্টটির ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে। সর্বশেষ আসর শেষ হওয়ার পরও অনেক ক্রিকেটারের পাওনা বাকি থাকার অভিযোগ উঠেছে।
এমন প্রেক্ষাপটে বিপিএলের প্রচলিত কাঠামোর পরিবর্তে নতুন মডেলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। এ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে ইতিমধ্যে দুই দফা বৈঠকও করেছে বোর্ড।
পরিকল্পনা অনুযায়ী, নতুন প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নিতে পারে। বিভাগভিত্তিক দলের পরিবর্তে দলগুলোর মালিকানা থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে। মালিকানা নেওয়া প্রতিষ্ঠান নিজেদের পছন্দমতো দলের নামও নির্ধারণ করতে পারবে। টুর্নামেন্টটির সম্ভাব্য নাম হিসেবে ‘বাংলাদেশ ফার্স্ট’-এর কথাও আলোচনায় আছে।
তবে এটি সরাসরি বিপিএলের বিকল্প, নাকি নতুন নামে ও নতুন কাঠামোয় বিপিএলেরই রূপান্তর; সেটি এখনো স্পষ্ট করেনি বিসিবি। বোর্ড সূত্রে জানা গেছে, পুরো পরিকল্পনা চূড়ান্ত করে অক্টোবরে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার লক্ষ্য রয়েছে।
ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তার বিষয়টিও নতুন পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে। পুরুষদের চার দিনের ম্যাচে ম্যাচ ফি বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা, ওয়ানডেতে ১ লাখ এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে।
নারী ক্রিকেটেও বাড়ছে ম্যাচ ফি। তিন দিনের ম্যাচকে চার দিনে রূপান্তরের পাশাপাশি চার দিনের ম্যাচে ক্রিকেটাররা পাবেন ৪০ হাজার টাকা। ওয়ানডে ও টি-টোয়েন্টির ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা।