বাবা বীরেদ্র শেবাগ। ক্রিকেট ইতিহাসের অন্যতম বিধ্বংসী ওপেনার। তার ব্যাটিংয়ের সঙ্গে তুলনা হওয়াটা স্বাভাবিক। কিন্তু বাবার পরিচয়ের ছায়ায় নিজের পরিচয় হারাতে চান না শেবাগের ছেলে আর্যবীর শেবাগ। তার লক্ষ্য, বাবার দ্বিতীয় সংস্করণ হওয়া নয়; নিজের নামে আলাদা জায়গা তৈরি করা।
সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের পারফরম্যান্সের পর আলোচনায় এসেছেন আর্যবীর। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলেছেন ১৬০ রানের দুর্দান্ত ইনিংস। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতের এক উইকেটের রুদ্ধশ্বাস জয়ে তার অবদান ছিল ৫৮ রান। কনুইয়ে চোট পাওয়ার পরও ব্যথানাশক ওষুধ নিয়ে ব্যাটিং চালিয়ে গেছেন তরুণ এই ক্রিকেটার।
বাবার সঙ্গে তুলনা নিয়ে জিওহটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে আর্যবীর বলেছেন, ‘আমি অনেক আগেই মেনে নিয়েছি সব সময় বাবার সঙ্গে আমার তুলনা করা হবে। এটা অনিবার্য, এ নিয়ে আমার কিছু করার নেই। মানুষ যদি আমার খেলায় বাবার সঙ্গে মিল খুঁজে পায়, সেটা তাদের মতামত এবং আমার বাবার প্রতি ভালোবাসারই প্রকাশ। তবে আমি শেবাগ ২.০ হতে আসিনি, আমি আর্যবীর শেবাগ হতে এসেছি। দ্বিতীয় শেবাগ না হয়ে প্রথম আর্যবীর হতে চাই।’
ফাইনালের ৫৮ রানের ইনিংসটি নিয়েও কথা বলেছেন তিনি। কনুইয়ে আঘাত পাওয়ার পর ব্যথায় হাত নাড়ানো কঠিন হয়ে পড়েছিল। ফিজিও তাকে ব্যথানাশক ওষুধ দেন। প্রথমবার ওষুধ খেয়েও খুব একটা কাজ হয়নি। তবুও দলের প্রয়োজনে ব্যাটিং চালিয়ে যান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৬০ রানের ইনিংসটি তার কাছে বিশেষ। কঠিন উইকেটে প্রথম ১০-১৫ ওভার সামলে নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। এরপর পরিস্থিতি বুঝে রান করেছেন।
বাবার নামের ভার যে সহজ নয়, আর্যবীর তা জানেন। তবে নিজের বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন উত্তরাধিকার নয়, নিজের পারফরম্যান্স দিয়েই পরিচিত হতে চান তিনি।