দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশকে দ্রুত অলআউট করে দিয়ে ব্যাটিংয়েও দারুণ শুরু পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চা বিরতির আগ পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৮৯ রান করেছে ক্যারিবীয়রা। ৫৩ রান করে অপরাজিত আছেন ক্যাম্পবেল, তার সঙ্গে আছেন ২১ রান করা চন্দরপল।
মধ্যাহ্নবিরতির পর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৫ ওভারে ২৯ রান তোলে সফরকারীরা। অবশ্য এর মাঝে ব্রেন্ডন কিংয়ের উইকেটটা হারিয়েছে তারা।
পঞ্চম ওভারের পঞ্চম বলে ব্রেন্ডন কিংকে আউট করেছেন হাসান মাহমুদ। তিনি আউট হয়েছেন ১৫ রান করে।
এই সেশনে দ্বিতীয় উইকেটও তুলে নেয়ার সুযোগ ছিল বাংলাদেশের। তবে নিজের বলে সহজ ক্যাচ ছেড়েছেন শরীফুল। ক্যাম্পবেল এর আগেও একবার জীবন পেয়েছেন। হাসানের বলে সেই ক্যাচটি ছেড়েছিলেন নাঈম হাসান। সেটিও কঠিন ক্যাচ ছিল না। তখন ক্যাম্পবেলের রান ছিল ৫।
তাগনারায়ন চন্দরপলকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬০ রানের অবিচ্ছিন জুটি গড়ে চা বিরতিতে যায় উইন্ডিজ। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে চা বিরতি ঘোষণা করেন আম্পায়াররা।