কেপটাউন টেস্টের স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে নতুন করে তদন্তের উদ্যোগের মধ্যেই অস্ট্রেলিয়ার ক্রিকেটে সামনে এসেছে আরও একটি পুরোনো অভিযোগ। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টে বল টেম্পারিংয়ের প্রস্তাব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন—এমন দাবি করেছেন দেশটির সাংবাদিক জেরার্ড হোয়াটলি। অভিযোগ সত্য প্রমাণিত হলে দীর্ঘ ক্যারিয়ারের শেষ প্রান্তে বড় সংকটে পড়তে পারেন ৩৯ বছর বয়সী এই স্পিনার।
জেরার্ড হোয়াটলির তথ্য অনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্ট চলাকালে সতীর্থদের কাছে বলের আকৃতি পরিবর্তনের কাজে মিন্ট আছে কি না, তা জানতে চেয়েছিলেন দলের এক সিনিয়র ক্রিকেটার। সেই ক্রিকেটার ছিলেন লায়ন। তাঁর কথিত বক্তব্য ছিল, ‘মিন্ট আছে কার কাছে? বলের কাজটা আজ কে করবে?’
ঘটনাটির সময়কালও তাৎপর্যপূর্ণ। এর মাত্র কয়েক দিন আগে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে স্যান্ডপেপার ব্যবহার করে বল টেম্পারিংয়ের ঘটনায় বিশ্ব ক্রিকেটে তোলপাড় শুরু হয়েছিল। হোয়াটলির দাবি, লায়নের প্রস্তাবে দলের এক ক্রিকেটার আপত্তি জানিয়েছিলেন। এমনকি তাঁকে বলতে শোনা যায়, ‘মজা করছো নাকি? সেই কাজ আর করছি না আমরা!’ অস্ট্রেলিয়ার তৎকালীন কোচ জাস্টিন ল্যাঙ্গারও বিষয়টি শুনে লায়নকে কঠোরভাবে সতর্ক করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে লায়নের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে। এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে প্রমাণিত অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই।
এদিকে অভিযোগ সামনে আসার পর অস্ট্রেলিয়ার টেস্ট দলেও জায়গা হারিয়েছেন লায়ন। নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের কোনোটিতেই তাঁকে রাখা হচ্ছে না বলে প্রতিবেদনে জানানো হয়েছে। যদিও তাঁর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দল থেকে বাদ পড়ার ব্যাখ্যাও সামনে এসেছে। তবে বল টেম্পারিংয়ের অভিযোগই তাঁকে দল থেকে দূরে সরিয়ে দিয়েছে—এমন ধারণাও তৈরি হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, কেপটাউন টেস্টের ঘটনা পর্যালোচনায় গঠিত স্বাধীন ফোরামের কার্যপরিধি প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবেন। এ বিষয়ে সিএর বক্তব্য, যেকোনো তথ্য দেওয়ার জন্য স্বাধীন ফোরামই উপযুক্ত জায়গা।
উসমান খাজার সাম্প্রতিক তথ্য ফাঁসের পর কেপটাউন টেস্টের বল টেম্পারিং নিয়ে নতুন করে তদন্তে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ছয় সপ্তাহের মধ্যে পর্যালোচনা শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন করে কাউকে দায়ী করার পরিকল্পনা নেই বোর্ডের।
অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি টেস্ট, ২৯টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছেন লায়ন। দীর্ঘদিন দলের অন্যতম নির্ভরযোগ্য স্পিনার হিসেবে দায়িত্ব পালন করা এই ক্রিকেটারের ক্যারিয়ার এখন নতুন এক বিতর্কের মুখে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নির্ধারণে স্বাধীন ফোরামের পর্যালোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।