হোম > খেলা > ক্রিকেট

ফাইনালের চ্যালেঞ্জ উইকেটে মানিয়ে নেওয়া

বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে আজ

পার্থ রায়, চট্টগ্রাম থেকে

সংবাদ সম্মেলনে এসে বোলিং কোচ শন টেইট বললেন, ‘বাংলাদেশে ক্রিকেট খেলার সৌন্দর্য হলো উইকেট ঠিকঠাক বুঝতে না পারা।’ কেন বলেছেন তা বুঝতে খুব বেশি পেছনে যেতে হবে না। চলমান নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডেতে স্পষ্ট-উইকেট আগে থেকে আন্দাজ করার সুযোগ খুবই কম। প্রথম ম্যাচের আগে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা থাকলেও দেখা যায় আনইভেন বাউন্সের স্পিনিং উইকেট। আর দ্বিতীয় ম্যাচে স্পোর্টিং উইকেটে ছিল পেসারদের দাপট। এমন আচরণে যে কেউই বলবেন- উইকেট বুঝতে পারাটাই কঠিনতম বিষয়। প্রথম দুই ম্যাচে দুই ধরনের উইকেট পাওয়া বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সামনে চ্যালেঞ্জ চট্টগ্রামের উইকেট বুঝে একাদশ সাজিয়ে মাঠে নামা। ১-১ ব্যবধানে সমতায় থাকা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে যারা জিতবে, তাদের হাতেই উঠবে এই সিরিজ। আজ চট্টগ্রামে এই ম্যাচ শুরু হবে সকাল ১১টায়।

দুই বছরের বেশি সময় পর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গড়াবে কোনো ওয়ানডে ম্যাচ। লম্বা সময়ের এই বিরতিতে সাগরিকায় হয়েছে শুধু টেস্ট আর টি-টোয়েন্টি। ফলে ওয়ানডেতে উইকেট কেমন হবে সেই আন্দাজটুকু আগ থেকে করা যাচ্ছে না। তবে দুই দলই উইকেটের কাছে লম্বা সময় কাটিয়ে বোঝার চেষ্টা করেছে কেমন হতে পারে আজকের উইকেট।

কোন দল কী বুঝতে পেরেছে তা জানা যায়নি শেষ পর্যন্ত। তবে বাংলাদেশের বোলিং কোচ শন টেইটের বিশ্বাস, সাগরিকায় থাকবে ব্যাটারদের দাপট। বিপিএলে কাজ করে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন টেইট। সে হিসেবে এক বছরের বেশি সময় ধরে কাজ করছেন এদেশের ক্রিকেটের সঙ্গে। এ সময়ে সঞ্চিত অভিজ্ঞতাটুকু কাজে লাগিয়ে টেইটের ভাষ্য, ‘ঐতিহ্যগতভাবে চট্টগ্রামের উইকেটের দিকে তাকালে বোঝা যায় এটা ব্যাটিং উইকেট। মাঝেমধ্যে বল খানিকটা নিচু হয়। তবে আমি উইকেট ভালোমতো পড়তে চাই না।’

উইকেট ভালোমতো বুঝতে না চাওয়ার কথা বললেও নিজের ক্রিকেটীয় জ্ঞান পুরোটাই যে কাজে লাগাবেন সেটা বলার অপেক্ষা রাখে না। তার মতে, উইকেট যা-ই হোক, সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া জয়ের আত্মবিশ্বাস ধরে রাখার পক্ষে তিনি।

টেইটের কথায়, ‘আমরা দারুণ এক জয় নিয়ে এসেছি। আমার মনে হয় দিনশেষে এটা আন্তর্জাতিক ক্রিকেট। এখানে যে দলই সামনে থাকুক, যেমন উইকেটই হোক, জিততে চাইব।’

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ভিন্ন ধাঁচের দুই উইকেটে খেলেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে বদল হয়েছে ভেন্যু, ফলে উইকেটের ধরনেও বদল আসবে সেটা স্পষ্ট। ফলে মানিয়ে নেওয়ার ব্যাপারটা যে থাকছে সেটা স্পষ্ট টেইটের কথায়। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী তারা (ক্রিকেটাররা উইকেটের সঙ্গে মানিয়ে নিতে) পারবে। ঢাকায় দেখেছি দুই ধরনের পিচে ক্রিকেটাররা মানিয়ে নিয়েছে। তাহলে কেন তারা কালকের খেলা পারবে না? এটা আন্তর্জাতিক ম্যাচ। অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে যেখানে যান একটু পার্থক্য থাকবেই। এটাই খেলার সৌন্দর্য।’

উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার যখন এসেছে, তখন কথা উঠেছে ব্যাটারদের ব্যাপারেও। ব্যাটিং স্বর্গখ্যাত চট্টগ্রামে ব্যাটাররা জ্বলে উঠতে পারবে কি না সেই প্রশ্নটা ছিল টেইটের কাছে। কারণ, প্রথম ম্যাচে সব ব্যাটারই নিজেদের ব্যর্থ প্রমাণ করেছেন। দ্বিতীয় ওয়ানডেতে তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত ভালো করলেও বাকিরা তেমন সুযোগ পাননি। ফলে চট্টগ্রামে তাদের কাছে থাকবে বাড়তি প্রত্যাশা। তবে সেই বাড়তি প্রত্যাশার চাপ দিতে চান না টেইট।

তার কথায়, ‘সেটা মিডিয়া হোক বা দর্শক, বাংলাদেশে ব্যাটারদের কাছে অনেক প্রত্যাশা থাকে। তাদের আশা, ব্যাটিং ইউনিট সবসময় ভালো করবে। এটা আসলেই বাস্তব কি না আমি জানি না। শেষ ম্যাচে আমরা ভালো কিছু ইনিংস দেখেছি। অবশ্য আপনারা কালকে তাদের কাছে সামান্য হলেও ধারাবাহিকতা দেখতে চান। আশা করি, তারা কালকে ভালো করবে।’

সিরিজ নিশ্চিতের ম্যাচে যেমন ব্যাটারদের কাছে প্রত্যাশা থাকবে, তেমনি থাকবে বোলারদেরও কাছে। নাহিদ রানা-শরিফুল ইসলামরা লম্বা সময় ধরেই করছে ধারাবাহিক পারফরম্যান্স। ফলে বোলারদের ওপর যতটা না চাপ, তার চেয়ে বেশি চাপে আছেন ব্যাটাররা। এমন চাপের ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা একদমই ক্ষীণ বলা যায়। সিরিজ নির্ধারণী ম্যাচে বোলিং অর্ডারে কোনো পরিবর্তন আসবে, তেমন ইঙ্গিত মেলেনি। ব্যাটিংয়ে দ্বিতীয় ওয়ানডের মতো থাকতে পারে লাইনআপ। পুরোনো সেই লাইনআপে এবার সিরিজ নিজেদের করে নিতে পারে কি না বাংলাদেশÑসেটাই এখন দেখার অপেক্ষা।

উইকেট নিয়ে কথা বলতে ‘আগ্রহী’ নয় কিউইরা

সাগরিকায় হচ্ছে পানি সমস্যার সমাধান

ওয়ানডে র‌্যাংকিংয়ে বড় উত্থান নাহিদ রানার

আকবর-প্রিতমের সেঞ্চুরিতে এগিয়ে নর্থ জোন, লড়াইয়ে মুশফিক-অমিত

ডোপ টেস্টে পজিটিভ হয়ে তদন্তের মুখে নেওয়াজ

২৪ এপ্রিল ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

বাংলাদেশকে থামিয়ে সিরিজে সমতায় শ্রীলঙ্কা

চট্টগ্রামে পৌঁছেছে টি-টোয়েন্টি দল

স্লো ওভার রেটের কারণে আইসিসির শাস্তি পেল বাংলাদেশ

‘বাংলাদেশে উইকেট বোঝা কঠিন, এটাই এখানকার ক্রিকেটের সৌন্দর্য্য’