ঢাকা প্রিমিয়ার লিগে যেন একাই ম্যাচের গল্প লিখলেন আলিস আল ইসলাম। রহস্য স্পিনের জাদুতে ব্যাটারদের দিশেহারা করে হ্যাটট্রিকসহ ৬ উইকেট শিকার করেছেন এই ডানহাতি স্পিনার। তাঁর দুর্দান্ত বোলিংয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
বুধবার ইউ ল্যাব ক্রিকেট মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় প্রাইম ব্যাংক। আগে ব্যাট করে ৬ উইকেটে ৩০৩ রানের বড় সংগ্রহ গড়ে দলটি। জবাবে ব্যাট করতে নেমে আলিসের ঘূর্ণিতে পথ হারায় গাজী গ্রুপ। পুরো দল গুটিয়ে যায় মাত্র ১০৫ রানে।
তবে ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে আলিসের এক স্পেলে। এক ওভারে পরপর দুই বলে সালমান হোসেন ও মাহফুজুল ইসলামকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি। ওভার শেষ হওয়ায় অপেক্ষা বাড়ে। কিন্তু নতুন ওভারের প্রথম বলেই আরিদুল ইসলাম আকাশকে বোল্ড করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। মুহূর্তেই সতীর্থদের উল্লাসে মুখর হয়ে ওঠে মাঠ।
৯.২ ওভারে মাত্র ২১ রান খরচায় ৬ উইকেট শিকার করেন আলিস। ছিল একটি মেডেনও। লিস্ট ‘এ’ ক্রিকেটে হ্যাটট্রিক করা বাংলাদেশের ১৫তম বোলার হিসেবে নাম লেখালেন তিনি। আর ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে হ্যাটট্রিক করা বোলারদের তালিকায় তিনি হলেন ১১তম সদস্য। এই টুর্নামেন্টে একাধিক হ্যাটট্রিকের কীর্তি এখনো শুধু মোহাম্মদ শরীফের দখলে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার শাহাদাত হোসেন দীপু ও আজিজুল হাকিম তামিম। উদ্বোধনী জুটিতে আসে ১৪৬ রান। দীপু ২ চার ও ৩ ছক্কায় ৮৮ বলে করেন ৭১ রান। অন্যদিকে তামিম খেলেন ১০৭ বলে ৭৮ রানের দারুণ ইনিংস, যেখানে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা।
মধ্যভাগে শামীম হোসেন পাটোয়ারী ইনিংসের গতি ধরে রাখেন। ২ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে অপরাজিত ৫১ রান করেন তিনি। শেষদিকে আবু হায়দার রনি মাত্র ১৭ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে ২টি চার ও ৫টি বিশাল ছক্কা। তাতেই তিনশ ছাড়িয়ে যায় প্রাইম ব্যাংকের সংগ্রহ।
গাজী গ্রুপের হয়ে মাহফুজুল ইসলাম ৫১ রান দিয়ে ৪ উইকেট নিলেও ব্যাট হাতে দলকে লড়াইয়ে রাখতে পারেননি কেউ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।
চার ম্যাচ শেষে এটি প্রাইম ব্যাংকের টানা চতুর্থ জয়। সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে থেকে তারা অবস্থান করছে টেবিলের দ্বিতীয় স্থানে। অন্যদিকে চার ম্যাচে দুই জয় নিয়ে পঞ্চম স্থানে রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।