প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন নিজেদের করে নিয়েছে ভারত। লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরি, যশস্বী জয়সওয়াল ও দেবদূত পাডিক্কালের অর্ধশতকের পর শুভমান গিলের ৯৮ রানের ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে সফরকারীরা। দিন শেষে ভারতের সংগ্রহ চার উইকেটে ৪৮৬ রান। লিড দাঁড়িয়েছে ১১৮ রানের।
দিনের শুরুতে আগের দিনের এক উইকেটে ১৫৯ রান নিয়ে ব্যাটিং শুরু করে ভারত। ওপেনার লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল প্রথম উইকেটে ১৩০ রানের জুটি গড়েছিলেন। জয়সওয়াল আগের দিন ৮৫ রান করে আউট হন। তৃতীয় দিনে ভারতের ইনিংসকে এগিয়ে নেন রাহুল ও পাডিক্কাল। দুজনের ১৬৫ রানের দ্বিতীয় উইকেট জুটি নিউজিল্যান্ডের বোলারদের আরো চাপে ফেলে।
২৯০ বল মোকাবিলা করে ১৩৬ রান করেন রাহুল। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। অন্যদিকে পাডিক্কাল খেলেছেন ৮০ রানের ইনিংস। ভারতের প্রথম পাঁচ ব্যাটারের প্রত্যেকেই ৫০-এর বেশি রান করেছেনÑযা দলটির ব্যাটিংয়ের গভীরতারই প্রমাণ।
এরপর ক্রিজে এসে আক্রমণাত্মক ব্যাটিং করেন শুভমান গিল। সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে তাকে। ১৪৬ বলে ৯৮ রান করে দিনের শেষ ভাগে জ্যাকব ডাফির বলে বোল্ড হন গিল। মাত্র দুই রানের জন্য টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি।
দিন শেষে উইকেটে আছেন ঋষভ পন্ত। ৫৫ রানে অপরাজিত এই ব্যাটারের সঙ্গে অপরাজিত আছেন আনশুল কাম্বোজ, তার রান শূন্য। নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ও কাইল জেমিসন দুটি করে উইকেট নিয়েছেন।
এর আগে প্রথম দিনে ৭০ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে নিকলসের ১৭৫ ও ফিলিপসের ১১৮ রানের জুটিতে তারা ৩৬৮ রান করে।