ঢাকা টেস্টের প্রথম দিন শেষে ১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন সাদমান ইসলাম। না, আউট হননি। তবে ৯৯ রানে থেকে নিশ্চয়ই দিনটা শেষ করতে চাননি এই ওপেনার। সে যা-হোক, আলোকস্বল্পতার কারণে ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে ৭৪ ওভারে। ৩ উইকেটে ২০৭ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। সেঞ্চুরি পেতে আগামীকাল আরও ১ রান করতে হবে সাদমানকে।
প্রথম দুই সেশনের মতো তৃতীয় সেশনের শুরুতে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। সাদমান ইসলামের সঙ্গে তাওহীদ হৃদয়ের জুটিটাও এগোচ্ছিল ভালোভাবেই। তবে ক্র্যাম্পের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় হৃদয়কে। বাংলাদেশ ইনিংসের ৬৫.৫ ওভারের সময় রান নেয়ার পর বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ ধরে বসে পড়েন লিটন। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। এখন পর্যন্ত হৃদয়ের শারিরীক অবস্থা সম্পর্কে কোনো আপডেট জানা যায়নি।
হৃদয় মাঠ ছাড়ার পর উইকেটে আসেন লিটন দাস। তবে তিনি মাঠে আসার পরপরই আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। প্রায় ৫০ মিনিট খেলা বন্ধ থাকার পর খেলা আবার শুরু হয়। তবে সেই খেলাও হয়েছে মাত্র ৪ ওভার। শুরুতে আলোকস্বল্পতায় কিছুক্ষণ খেলা বন্ধ রাখার পর স্টাম্পস ঘোষণা করেন আম্পায়াররা।
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থেকে দিন শেষ করেছেন সাদমান। লিটন অপরাজিত আছেন ১০ রানে।
এর আগে দায়িত্বশীল ব্যাটিংয়ে ঢাকা টেস্টের প্রথম এবং দ্বিতীয় সেশনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে ২ উইকেটে ৯৬ রান করে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ১ উইকেট হারিয়ে ৮১ রান যোগ করে টাইগাররা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৯ রানে জেইডন সিলসের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। সিলসের অফ স্টাম্পের কাছে লেংথ বলটি বাইরে বেরিয়ে যাচ্ছিল। কাভার দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো গ্রিভসের হাতে।
দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন মুমিনুল হক এবং সাদমান ইসলাম। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি মুমিনুল হক।
২৮ রান করে ফেরেন তিনি। জোমেল ওয়ারিকানের মিডল ও অফ স্টাম্প বরাবর হাওয়ায় ভাসানো বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে মিড অফে দাঁড়ানো শামার জোসেফের হাতে ক্যাচ দেন।
তবে ২৮ রানের এই ইনিংসে একটি মাইলফলক গড়েছেন মুমিনুল। এদিন ১১ রান করে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
মধ্যাহ্নবিরতির পর ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় টাইগাররা। ওয়ারিক্যানের বলে সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হন শান্ত। শুরুতে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে উইকেট আদায় করে নেয় ক্যারিবীয়রা। ১৯ রান করে আউট হয়েছেন শান্ত।
শান্তর বিদায়ের পর রানের গতি একটু কমলেও কোনো বিপদ আসতে দেননি হৃদয় এবং সাদমান। দেখেশুনে খেলে দ্বিতীয় সেশন পার করেন তারা। হৃদয় ক্র্যাম্পে মাঠ ছাড়ার আগে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা।