জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ১৪ রান পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। ওয়ান্ডারার্সে তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা আগে। অবশ্য সেটা আনুষ্ঠানিক ঘোষণা। বৃষ্টির কারণে প্রথম ২ ঘণ্টার পরই আর খেলা হয়নি এদিনে। ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। এদিন ৩ উইকেট হারিয়ে তারা তুলেছে ৯৯ রান। বাংলাদেশের চেয়ে প্রথম ইনিংসে এখনও ১৪ রানে পিছিয়ে প্রোটিয়ারা।ব্যক্তিগত ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন বাভুমা। ব্রডকাস্টাররা জানিয়েছে, আগামীকাল আবার ব্যাটিং করতে নামবেন তিনি। আর রিকেলটন অপরাজিত আছেন ৫৬ রানে। বৃষ্টি আর বজ্রপাতের কারণে প্রথম সেশনের পর খেলা আর মাঠে গড়ায়নি।
৪ উইকেটে ২৮৭ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দিনের প্রথম ঘণ্টা নির্বিঘ্নে পার করেন টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটন। তাসকিন আহমেদ-হাসান মাহমুদরা শুরুর দিকে ব্যাটারদের কিছুটা অস্বস্তিতে ফেললেও কোনো উইকেট দেননি তারা।
কোনো উইকেট না হারিয়ে এদিন আরও ৭১ রান যোগ করেন বাভুমা-রিকেলটন। মাঝে একবার রিকেলটনের ক্যাচ ফেলেন মাহফিজুল ইসলাম রবিন। মিরাজের শর্ট বলে কাভারে সহজ ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হন অভিষিক্ত এই ক্রিকেটার।
বাংলাদেশ যখন ম্যাচে ফেরার কোনো সুযোগই পাচ্ছিল না, তখনই টাইগারদের জন্য বর হয়ে আসে বাভুমার চোট। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৮৪ তম ওভারের পর পায়ের চোটের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন বাভুমা। বাভুমার এই চোটেই অবশ্য ম্যাচে ফেরার দরজা খুলে যায় বাংলাদেশের সামনে।
বাভুমা মাঠ ছাড়ার পর উইকেটে আসেন মুল্ডার। তবে স্কোরবোর্ডে মাত্র ৩ রান যোগ হতেই উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। এক ওভার পরে ফিরে আবারও তাসকিনের আঘাত। এবার তার শিকার মার্কো ইয়াসেন।
তাসকিনের দুই ওভারে ওই দুই উইকেটে খানিকটা মোমেন্টাম বদলায়। তাসকিনের সঙ্গে উইকেট পার্টিতে যোগ দেন হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৮৯তম ওভারে সাইমন হার্মারকে ফেরান এই পেসার। তিনিও ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।
মাত্র ১৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর পর প্রথম সেশনের বাকি সময়ে খানিকটা খানিকটা সাবধানতা দেখিয়েছেন প্রোটিয়া ব্যাটাররা। আরও ১০ রান যোগ করে মধ্যাহ্নবিরতিতে যান রিকেলটনরা।
মধ্যাহ্নবিরতির পর বৃষ্টি এবং বজ্রপাতের কারণে আর খেলা হয়নি। নির্ধারিত সময়ের অনেক আগেই দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।