একদিনে আরো চারজনের পদত্যাগ
বিসিবি সভাতে যোগ দিয়ে নিজের পদত্যাগ পত্র জমা দেন পরিচালক ফাইয়াজুর রহমান মিতু। তার বিদায়ের পর রাতে আরও তিন পরিচালক বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন। তারা হলেন- শাহনিয়ান তানিম, মেহেরাব আলম চৌধুরী ও মনজুর আলম। সভা শেষে তারা নিজেদের পদত্যাগপত্র জমা দেন। ফাইয়াজুর রহমান চৌধুরী নিজে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। বাকি তিনজনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। তিনজনই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
গত অক্টোবরে সবশেষ নির্বাচনের পর থেকেই বিসিবির এই নির্বাচন নিয়ে ছিল নানান অভিযোগ। সে সময়ের যুব ও ক্রীড়া উপদেষ্টা নির্বাচনে হস্তক্ষেপ করেছেন বলে ছিল অভিযোগ। পাশাপাশি নানান অনিয়ম হয়েছে বলেও অভিযোগ আছে। সেসব অভিযোগের ভিত্তিতে দিন কয়েক আগে তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। এই কমিটি গঠনের পর পরই ধাপে ধাপে পাঁচ পরিচালক পদত্যাগের ঘোষণা দিলেন।
এর আগে সর্বপ্রথম ক্লাব ক্যাটাগরিতে নির্বাচিত হয়ে পরিচালক হওয়া ইশতিয়াক সাদেক পদত্যাগ করেন। বাবার অসুস্থতাজনিত কারণে তিনি পদত্যাগ করেছিলেন বলে জানা যায় সে সময়। পরে বিসিবি থেকে পদত্যাগের ঘোষণা দেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এর আগে কোন ধরনের আলোচনা না করেই তাকে মিডিয়া কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
পরবর্তীতে তিনি জানান, তার সঙ্গে কোন ধরনের আলোচনা করেননি। বিসিবিতে কিছু দেওয়ার নেই বলেই তিনি পদত্যাগ করছেন। এরপর বিসিবি থেকে পদত্যাগ করেন এনএসসি কোটায় মনোনয়ন পেয়ে পরিচালক হওয়া ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তিনিও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তবে পরবর্তীতে পরবর্তীতে বিসিবিতে আসার আগ্রহও প্রকাশ করেন তিনি।
তাদের তিনজনের বিদায়ের পর গতকাল একই দিনে আসে তিন পরিচালকের পদত্যাগের খবর। গতকাল বিসিবি সভায় যোগ দিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন ফাইয়াজুর রহমান মিতু। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করার বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করেছেন। এর চেয়ে বেশি কিছু বলার নাই বলেও জানিয়ে দেন তিনি। পাশাপাশি বিসিবি সভা থেকেও বেরিয়ে যান।
বিসিবি সভা শেষে খবর চাউর হয়- আরও দুই পরিচালক পদত্যাগ করতে পারেন। মধ্যরাতে নিশ্চিত হওয়া যায় ক্লাব ক্যাটাগরিতে নির্বাচিত হওয়া শাহনিয়ান তানিম, মেহেবার আলম চৌধুরী ও মনজুর আলম পদত্যাগ করেছেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এখন পর্যন্ত পদত্যাগী ছয় পরিচালকের ছয় জনই ক্লাব ক্যাটাগরির। বাকি একজন ছিলেন এনএসসি মনোনীত। অর্থাৎ, বিসিবি পরিচালনা পরিষদের সবচেয়ে শক্তিশালী জায়গা ক্লাব ক্যাটাগরির পরিচালকরাই একে একে বিসিবি থেকে সরে যাচ্ছেন। তবে তাদের সরে যাওয়ার কারণ অদ্ভূতভাবে একই, ‘ব্যক্তিগত কারণ’।
ইতোমধ্যে ছয় পরিচালক পদত্যাগ করলেও কারও পদত্যাগই এখন পর্যন্ত অনুমোদন করেননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পদত্যাগের পর জানান, তিনি তাদের সঙ্গে কথা বলবেন। চেষ্টা করবেন বিসিবিতে ফিরিয়ে আনার। তাদেরকে ফিরিয়ে আনার আলোচনাটা হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। এর আগেই পদত্যাগ করেছেন আরও চার পরিচালক। তাতে বিসিবির ক্লাব ক্যাটাগরির পরিচালক সংখ্যা দাঁড়ালো সাত জনে! আর মোট পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা কমে দাঁড়ালো ১৮-তে!