এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ৭ উইকেটে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে হেরেও টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট কেটেছে সাইফ হাসানের দল৷ গ্রুপ রানার্সআপ হওয়ার সুবাদে আফগানিস্তান ও হংকংকে পেছনে ফেলে সেরা চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ৷ গ্রুপসেরা হয়ে সেমিতে উঠেছে শ্রীলঙ্কাও।
দোহায় গ্রুপ পর্বের ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪২.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে বাংলাদেশ। জবাবে ২১.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে লঙ্কানরা।
আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভালো কিছুর ইঙ্গিতও মিলেছিল। কিন্তু শ্রীলঙ্কার স্পিনাররা আক্রমণে আসতেই আর দাঁড়াতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার। ইমন ৩২ রান করে আউট হন। সাইফের ব্যাট থেকে আসে ২৮, ইফতি করেন ৩১ রান।
জবাব দিতে নেমে শুরুতেই এক উইকেট হারালেও লাসিথ ক্রুসপুলে (২৯), নিশাব মাদুশকা (৫১*) ও পবন রত্নায়েকের (৪৫) তিনটি ইনিংসে ভর করে ১৬৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় শ্রীলঙ্কা৷