এশিয়ান গেমসে পাকিস্তানের কাছে হেরে পদকশূন্য থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৩১ রানের পরাজয়ের পর সাবেক নারী ক্রিকেটার রুমানা আহমেদের কণ্ঠে ঝরে পড়েছে হতাশা ও আক্ষেপ। তাঁর পোস্টে উঠে এসেছে একসময়কার সাফল্যের স্মৃতি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আক্ষেপ।
পাকিস্তানের বিপক্ষে হারের পর নিজের ফেসবুক পেজে রুমানা লিখেছেন, ‘এই প্রথম মেডেল ছাড়া বাংলাদেশ মহিলা ক্রিকেট টিম। ব্রোঞ্জটাও হারিয়ে ফেললাম। একটা সময় ছিল, যখন এই টিমটাকে নিয়ে স্বর্ণ জেতার আশা করতাম।’
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক এই অলরাউন্ডার আরও লিখেছেন, ‘বাংলাদেশ আমার বাংলাদেশ। গোল্ডেন সময়টা নষ্ট করল। আফসোসটা জমা-ই থাক।’
এশিয়ান গেমসে নারী ক্রিকেটে বাংলাদেশকে ঘিরে এবারও পদকের প্রত্যাশা ছিল। বিশেষ করে অতীতে এশিয়ান গেমসে বাংলাদেশের সাফল্যের কারণে এবারও ভালো কিছু করার আশা করেছিলেন সমর্থকেরা। তবে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৩১ রানের হারে সেই প্রত্যাশার সমাপ্তি হয়েছে।