হোম > খেলা > ক্রিকেট

নাহিদের বোলিং তোপে দেড়শর আগেই গুটিয়ে গেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

সাবধানী শুরুর পরও বড় স্কোর করতে পারল না পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০.৪ ওভারে ১১৪ রানেই গুটিয়ে গেছে শাহিন শাহ আফ্রিদির দল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন ফাহিম আশরাফ। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান এসেছে সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে। মূলত নাহিদ রানার বোলিং তোপেই মুখ থুবড়ে পড়েছে সফরকারীরা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৪ রানে ৫ উইকেট নিয়েছেন এই পেষার। তার সঙ্গে হাত মিলিয়েছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, নিয়েছেন ৩ উইকেট। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নিয়েছেন ১টি করে উইকেট।

শুরুর দিকে নতুন বল হাতে আক্রমণ শুরু করেন দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে উইকেট না হারালেও রান তুলতে হিমশিম খেতে থাকে পাকিস্তান। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তরুণ পেসার নাহিদ রানা। দশম ওভারেই প্রথম সাফল্য এনে দেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল উঁচুতে তুলে দেন ওপেনার ফারহান। সহজ ক্যাচ নেন আফিফ হোসেন। আউট হওয়ার আগে ৩৮ বলে চারটি চারে ২৭ রান করেন তিনি।

নিজের পরের ওভারেই আবার আঘাত হানেন নাহিদ। বড় শট খেলতে গিয়ে ব্যাটের কানায় বল তুলে দেন শামিল হোসেন। উইকেটের পেছনে দারুণ ক্যাচ নেন লিটন দাস। ৭ বলে ৪ রান করেই ফিরতে হয় তাকে। নাহিদের ঝড় এখানেই থামেনি। টানা তৃতীয় ওভারে ফেরান ওপেনার মাজ সাদকাতকে। অপ্রস্তুত শটে বল তুলে দেন তিনি, ক্যাচ নেন সাইফ হাসান। ২৮ বলে ১৮ রান করেন সাদকাত।

এরপর কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান। দৃষ্টিনন্দন শটে একটি চারও হাঁকান তিনি। কিন্তু পরের বলেই তাকে ফিরিয়ে দেন নাহিদ। অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ নেন লিটন দাস। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগাকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন নাহিদ। দুর্দান্ত ক্যাচ নেন তানজিদ হাসান। ৮ বলে ৫ রান করেন সালমান।

নাহিদের পর আক্রমণে এসে সাফল্য পান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথমে ফেরান আব্দুল সামাদকে। এরপর পাকিস্তানের শেষ ভরসা হুসাইন তালাতকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলে দেন মিরাজ। ১৩ বলে ৪ রান করেন তালাত। পরে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ফেরেন শাহিন শাহ আফ্রিদি। চার বলে ৪ রান করেন তিনি।

এর আগে রানের খাতা খোলার আগেই মোহাম্মদ ওয়াসিমকে আউট করেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে ক্যাচ দেন নাজমুল হোসেন শান্তর হাতে। শেষদিকে ফাহিম আশরাফ ও আবরার আহমেদের জুটিতে কোনো মতে একশ পার করে পাকিস্তান। তবে ইনিংস বড় করতে পারেননি ফাহিমও। মোস্তাফিজুর রহমানের বলে তাসকিন আহমেদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ৪৭ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম।

সবমিলিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। নির্ধারিত ওভারে তারা থামে ১১৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৩০.৪ ওভারে ১১৪ (ফাহিম ৩৭, সাহিবজাদা ২৭, সাদকাত ১৮; নাহিদ ৫/২৪, মিরাজ ৩/২৯)

পাকিস্তানকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

নাহিদের ফাইফারে বিপদে পাকিস্তান

বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে ক্রীড়া পরিষদের কমিটি গঠন

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তরুণদের জন্য নতুন সুযোগ দেখছেন শাহিন শাহ

লক্ষ্যটা এক ঢিলে দুই পাখি শিকার!

পাকিস্তান সিরিজ শেষে হবে মিরাজের অধিনায়কত্বের সিদ্ধান্ত!

অভিজ্ঞ বাংলাদেশ বনাম নতুন পাকিস্তান

টিভির পর্দায় বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডেসহ আরও যত খেলা

আইসিসির প্রাইজমানির চেয়ে বেশি বোনাস হিসেবে পাচ্ছে ভারতের চ্যাম্পিয়ন ক্রিকেটাররা