ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে (ডিপিএল) রুদ্ধশ্বাস লড়াইয়ের এক দিনই গেল আজ। পাঁচটি ম্যাচেই লড়াই হয়েছে রুদ্ধশ্বাস। তাতে সব ছাপিয়ে গেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হাবিবুর রহমান সোহান। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৫ বলে সেঞ্চুরি করে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন সোহান। সোহানের সেঞ্চুরির দিনে জয় পেয়েছে তার দলও। তবে ফিফটি করেও মোহামেডানের হার এড়াতে পারেননি মুশফিকুর রহিম। নাটকীয়তা, ব্যাটিং ঝলক এবং বোলারদের আধিপত্যের ম্যাচে জিতেছে ঢাকা আবাহনী, ঢাকা লেপার্ডস, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স।
দিনের আলোচিত ম্যাচে সোহানের দ্রুততম সেঞ্চুরিতে ভর করে ৩২২ রান সংগ্রহ করে রূপগঞ্জ। ড্রেসিং রুমে ফেরার আগে ৮ চার ও ১৩ ছক্কায় মাত্র ৫৮ বলে ১৩০ রানের ইনিংস খেলেছেন লেজেন্ডস অব রুপগঞ্জের ২৬ বছর বয়সী ওপেনার। জবাবে সাদিকুর রহমানের সেঞ্চুরির (১০১) পরও ২৪৮ রানে গুটিয়ে যায় সিটি ক্লাব। ৭৪ রানের জয় পায় রূপগঞ্জ।
গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১২ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। আগে ব্যাট করে ২২১ রান তোলে আবাহনী, জবাবে গাজী গ্রুপ ৪৪.১ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায়। আবাহনীর ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১১২ বলে ৬৬ রানের ধৈর্যশীল ইনিংসে তিনি ম্যাচের সেরা খেলোয়াড় হন।
আরেক ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা লেপার্ডস। আগে ব্যাট করে অধিনায়ক মুশফিকুর রহিমের ৬৮ রানের ইনিংসে ৮ উইকেটে ২২৫ রান করে মোহামেডান। জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে লেপার্ডস। জাওয়াদ আবরার মাত্র ৩৪ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। এরপর বাকি কাজটা করেন মুমিনুল হক; খেলেন ৭৭ বলে ৯৩ রানের অপরাজিত ইনিংস।
দিনের তৃতীয় ম্যাচে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ১৮ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করে ১৬০ রান করে প্রাইম ব্যাংক, যেখানে আবু হায়দার রনি ৪৮ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। রান তাড়ায় শুরুতেই ধস নামে বসুন্ধরার ব্যাটিংয়ে। তবে সানজামুল ইসলাম ৫৭ রানের লড়াকু ইনিংস খেললেও অন্য প্রান্তে কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত তারা ১৪২ রানে অলআউট হয়ে যায়।