ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকের পর থেকেই আলো ছড়াচ্ছেন মেহেদি হাসান মিরাজ। প্রথম ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও বল হাতে দেখালেন দুর্দান্ত নৈপুণ্য। তার ৪ উইকেটের ঘূর্ণিতে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১২৬ রানে আটকে দিয়ে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে মিরাজের হাতে।
প্রভিডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য বেশ ভালোই করেছিল ত্রিনবাগো। ৪.৩ ওভারে তারা তুলে ফেলে ৪১ রান। এরপরই আঘাত হানেন মিরাজ। ১৬ বলে ২৬ রান করা কলিন মুনরোকে বোল্ড করে বাংলাদেশি অলরাউন্ডার শুরু করেন নিজের শিকার-উৎসব। এরপর নিকোলাস পুরানকে প্রথম বলেই বোল্ড করেন তিনি। জিড গুলি ও সুনীল নারিনকেও ফিরিয়ে ত্রিনবাগোর মিডল ও লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেন মিরাজ।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রানে থামে ত্রিনবাগো। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন জাস্টিন গ্রিভস। মিরাজ ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে নেন ৪ উইকেট। শামার জোসেফের শিকার ২ উইকেট। আগের ম্যাচে ৪৭ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়া ইমরান তাহির এবারও নেন একটি উইকেট।
জবাবে ৩৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে গায়ানা। তবে শিমরন হেটমায়ারের ৩৫ বলে ৪২ এবং শাই হোপের ১৯ বলে ২৮ রানের কার্যকর ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। শেষদিকে মিরাজ ব্যাট হাতে ১৪ বলে ২ রান করলেও তাতে দলের জয়ে কোনো প্রভাব পড়েনি। ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা।
টানা দুই জয়ে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে গায়ানা। এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।