বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সদস্য ও দৈনিক সময়ের আলো পত্রিকার সাবেক সিনিয়র রিপোর্টার রাজু আহমেদ রাসেল সোমবার (৯ মার্চ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। মা, দুই বোন ও স্ত্রীসহ পরিবার-পরিজন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। রাজুর অকাল মৃত্যুতে ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএসপিএ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আনুমানিক ২টার দিকে তার মেডিসিনের ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন রাজু। একপর্যায়ে অজ্ঞান হয়ে যান তিনি। আশে-পাশের লোকজন তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসাতালের চিকিৎসক আনুমানিক ৪টায় জানান, রাজু আর নেই। রাজুর বাড়ি টাঙ্গাইল মির্জাপুরের মৌসামুরা গ্রামে। রাতেই জানাজা শেষে তাকে দাফন করার কথা। উল্লেখ্য, তার বাবার অকাল মৃত্যুর পর সে ঢাকার চাকরি ছেড়ে দিয়ে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকতেন। সেখানে ফার্মেসি ব্যবসায় দিয়েছিলেন রাজু। দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিক হিসেবে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন রাজু আহমেদ। দৈনিক ডেসটিনি, যায়যায়দিন ও সর্বশেষ সময়ের আলোতে কাজ করেছেন তিনি।