স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচ
স্বাধীনতা দিবস উপলক্ষে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসেছিল এক ভিন্ন আবহ। দেশের সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ যেন হয়ে উঠেছিল স্মৃতির রঙে রাঙানো এক মিলনমেলা। ম্যাচে ব্যাট-বলে দাপট দেখিয়ে ১২৩ রানের দারুণ জয় তুলে নিয়েছে বিসিবি লাল দল।
প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবসকে ঘিরে সাবেক ক্রিকেটারদের নিয়ে বিশেষ ম্যাচের আয়োজন করে বিসিবি। ঐতিহ্যের ধারাবাহিকতায় মাঠে নামা দুই দল—লাল ও সবুজ। দুটি দলই বহন করছিল দেশের ইতিহাসের তাৎপর্যপূর্ণ সংখ্যা। সবুজ দলের জার্সিতে ছিল ‘২৬’, আর লাল দলের গায়ে ‘৭১’।
ম্যাচে টস জিতে আগে ব্যাট করে লাল দল তোলে ৫ উইকেটে ২১৩ রানের বড় সংগ্রহ। শুরুতে মেহরাব হোসেন অপি দ্রুত ফিরলেও ব্যাট হাতে ঝড় তোলেন নাসিরউদ্দিন ফারুক সজীব ও মোহাম্মদ রফিক। নাসিরউদ্দিন ৫৩ বলে ৮৪ রানের দারুণ ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি চার ও ৬টি ছক্কা। রফিক খেলেন ২৪ বলে ঝড়ো ৫০ রানের ইনিংস। এছাড়া মোহাম্মদ আশরাফুল ২৫ এবং ডলার মাহমুদ ৯ বলে ২৭ রান যোগ করে দলকে বড় পুঁজি এনে দেন।
সবুজ দলের হয়ে বল হাতে কিছুটা প্রতিরোধ গড়েন ফয়সাল হোসেন ডিকেন্স, নেন ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় সবুজ দল। বিশেষ করে ইলিয়াস সানির ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। একমাত্র শাহরিয়ার নাফীস (৩৩) ও আব্দুর রাজ্জাক (১৮) ছাড়া আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি।
বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন সানি। অন্যদিকে ব্যাট হাতে ঝড় তোলার পর বোলিংয়েও উজ্জ্বল ছিলেন মোহাম্মদ রফিক, ৩.২ ওভারে ১৮ রান দিয়ে নেন ৪টি উইকেট।