হোম > খেলা > ক্রিকেট

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

লক্ষ্য টি-টোয়েন্টি ও অলিম্পিকে খেলা

স্পোর্টস ডেস্ক

বয়স ৩৭ স্পর্শ করলেও ব্যাটে রান তোলার ধার কমেনি স্টিভেন স্মিথের। তবে ক্যারিয়ারের এই অপরাহ্ণে দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট, বিশেষ করে টেস্ট ক্রিকেট নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ব্যাটার। সম্প্রতি ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন—আগামী বছরের জুনে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজের আগেই হয়তো সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে পারেন তিনি।

ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে স্মিথের অর্জন ঈর্ষণীয়। আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৫টি টেস্টে ৫৪ গড়ে ৩৭টি শতক হাঁকিয়েছেন এই তারকা। টেস্ট ক্রিকেটে নিজের অর্জনে অত্যন্ত সন্তুষ্ট স্মিথ জানান, এখন তিনি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না করে প্রতিটি সিরিজ ধরে ধরে এগোচ্ছেন।

অ্যাশেজে অংশগ্রহণ প্রসঙ্গে স্মিথ স্পষ্ট জানিয়েছেন, 'আমি আগামী অ্যাশেজে থাকব কি না, তা নিয়ে নিজেই নিশ্চিত নই। এখন সিরিজ ধরে ধরে ভাবছি। ইংল্যান্ডের মাটিতে সিরিজ জেতার স্বাদ অনন্য, তবে বাস্তবে কী ঘটে তার জন্য অপেক্ষা করতে হবে।'

টেস্টে ইতি টানার আভাস দিলেও সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চান স্মিথ। ১২৮ বছর পর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরছে। অলিম্পিকের সেই মঞ্চেই নিজের শেষ অধ্যায় আঁকতে চান তিনি।

২০২৮ সালে স্মিথের বয়স দাঁড়াবে ৩৯-এ। তবে অলিম্পিকে অংশ নেওয়াটাকে এই মুহূর্তে নিজের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন তিনি।

টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের প্র্যাকটিস ধরে রাখা এবং ফিটনেস বজায় রাখার উদ্দেশ্যে বর্তমানে তিনি ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলে যাচ্ছেন।

বিগত ১৫ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আসা স্মিথ খেলোয়াড়ি জীবনের সাফল্য নিয়ে বেশ তৃপ্ত। তবে ক্রিকেট ছাড়ার পর কোচিং বা অন্য কোনো ভূমিকা গ্রহণ করবেন কি না—সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই তার। আপাতত একজন ক্রিকেটার হিসেবে মাঠে বাকি সময়টুকু উপভোগ করাই তার মূল উদ্দেশ্য।

কন্ডিশন সম্পর্কে জানা সবচেয়ে জরুরি : নাজমুল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ পয়েন্ট কাটল আইসিসি

কেন্ট হতাশ হলেও বিসিবির প্রাধান্য হাসানের 'ওয়ার্কলোড'

মিরাজের লড়াকু পারফরম্যান্সের পরেও হারল গায়ানা

নাকভির হাত থেকে ট্রফি নয়, তাই পুরস্কার বিতরণীও বয়কট ভারতের

শিরোপা জিতেও নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারতের মেয়েরা

ছোট পর্দায় ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আনন্দ

শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টম শিরোপা জিতল ভারতীয় মেয়েরা

এশিয়ান গেমসে সাফল্যের প্রত্যাশায় ক্রিকেট দল

বোর্ড চাইলে জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন