ইনজুরির কারণে আসন্ন এশিয়ান গেমস ক্রিকেট থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বদলি হিসেবে দলে ডাক পেতে যাচ্ছেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম। বিসিবির একটি সূত্র এই তথ্য জানিয়েছে।
তবে এখনও আলিসের অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত নয়। কোচিং স্টাফরা এ বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ওই সূত্র।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইফউদ্দিন। এরপর এমআরআই করানোর পর গুরুতর চোট ধরা পড়ে তার।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম খান জানিয়েছেন, 'গত ১৯ সেপ্টেম্বর বোলিং অনুশীলনের সময় সাইফউদ্দিন ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান। এমআরআইয়ের পর তার ইনজুরি ধরা পড়ে। পুনর্বাসনের পর তার ফিরতে ৩ সপ্তাহ সময় লাগবে'
সাইফউদ্দিনের ছিটকে যাওয়ার খবর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানিয়েছে বিসিবি। গেমস কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে একজন বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করবে বিসিবি।
আগামী ২৪ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে দেশ ছেড়ে যাবেন ক্রিকেটাররা। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে, তা ঠিক হবে প্রথম পর্বে। জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমানের মধ্যে কোনো একটি দলই হবে সেই প্রতিপক্ষ।
কোয়ার্টার ফাইনালে জিতলে ১ অক্টোবর সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ দল। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা।