আলিস আল ইসলাম এবং হাসান মাহমুদকে নিয়ে আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। শনিবার (১০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।
এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে রহস্য স্পিনার আলিসের। ওই টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১ ম্যাচ খেলে ১ উইকেট পেয়েছেন তিনি। এছাড়া লিস্ট 'এ' ক্রিকেটে ১৯ ম্যাচে ৩৫ উইকেট আছে তার।
লম্বা সময় পর দলে ফিরেছেন হাসান মাহমুদ। ২০২৫ সালের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন হাসান মাহমুদ। সাদা বলে ১ বছর পর দলে ফিরেছেন এই পেসার।
ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজে খেলা হয়নি লিটন দাসের। জিম্বাবুয়েতে গিয়েও ফেরত আসতে হয়েছে তাকে। ত্রিদেশীয় সিরিজে আবার ফিরেছেন তিনি। এই সিরিজ থেকে পূর্ণকালীন মেয়াদে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নিচ্ছেন লিটন। এর আগে খন্ডকালীন মেয়াদের ৭ ম্যাচে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
জিম্বাবুয়ে সিরিজে প্রথম ম্যাচ খেললেও চোটের কারণে দেশে ফিরে আসতে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। সেই চোট কাটিয়ে ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফিরছেন মুস্তাফিজ।
জিম্বাবুয়ে সিরিজের চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় নাহিদ রানাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ে সিরিজে স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি পারভেজ হোসেন ইমনের। আসন্ন ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়নি তাকে।
হ্যামস্ট্রিং ইনজুরিতে এশিয়ান গেমসের দল থেকে বাদ পড়েছিলেন সাইফউদ্দিন। সেই ইনজুরির কারণে এই সিরিজের দলেও বিবেচিত হননি তিনি।
আগামী ১৭ অক্টোবর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে, আবুধাবিতে। একই ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের ম্যাচ ১৯ অক্টোবর। ২১ অক্টোবর শারজায় আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ। ২৩ অক্টোবর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
বাংলাদেশ ওয়ানডে দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, তানজিদ হাসান, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম।