ওয়ানডে ক্রিকেটে নিজেদের হাজারতম ম্যাচ স্মরণীয় করে রাখল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচে পাঁচ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। আর সেই জয়ের নায়ক হয়ে উঠেছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাস, যিনি প্রথম পাকিস্তানি বোলার হিসেবে ওয়ানডে অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েছেন।
ভারত ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় দল হিসেবে ওয়ানডেতে এক হাজার ম্যাচ খেলার মাইলফলকে পৌঁছায় পাকিস্তান। বিশেষ এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে চাপ সৃষ্টি করেন পাকিস্তানের বোলাররা।
সপ্তম ওভারে অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে ৩৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আবরার আহমেদ। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি পাকিস্তানের হাতে তুলে দেন মিনহাস। ১৪তম ওভারে পরপর দুই উইকেট নেওয়ার পর পরের ওভারেই ফেরান ক্যামেরন গ্রিনকে। অল্প সময়ের মধ্যেই ৬৮ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা।
তবে ম্যাথু শর্ট ও ম্যাট রেনশ প্রতিরোধ গড়ে তোলেন। পঞ্চম উইকেটে ৫৫ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করেন তারা। শর্ট ৫৫ রান করে মিনহাসের শিকার হন। পরে নাথান এলিসকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেটও তুলে নেন এই তরুণ স্পিনার। অন্যদিকে ইনিংস সর্বোচ্চ ৬১ রান করা রেনশ আবরার আহমেদের বলে বোল্ড হন।
মিনহাস ১০ ওভারে এক মেডেনসহ মাত্র ৩২ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন। তার নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি পাকিস্তানের অন্য বোলাররাও কৃপণ ছিলেন। শাদাব খান ছাড়া বাকি সব বোলারের ইকোনমি রেট ছিল পাঁচের নিচে। শেষ পর্যন্ত ৪৫তম ওভারের প্রথম বলেই ২০১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। ৪৯ রানের মধ্যে ফিরে যান মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহান। তবে এরপর বাবর আজম ও গাজী ঘোরির জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
তৃতীয় উইকেটে ১২৭ রানের দুর্দান্ত জুটি গড়ে জয়ের ভিত তৈরি করেন দুজন। বাবর ৯৪ বলে চারটি চার ও একটি ছক্কায় ৬৯ রান করে ফেরেন। গাজী ঘোরিও খেলেন সমান কার্যকর ইনিংস, ৬৫ রান করে তিনি আউট হন এলিসের বলে।
সালমান আগা বেশিক্ষণ টিকতে না পারলেও শেষদিকে মিনহাস ব্যাট হাতেও অবদান রাখেন। ১৮ রানে অপরাজিত থেকে আব্দুল সামাদকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
৪২.৩ ওভারে ৫ উইকেটে ২০২ রান তুলে পাকিস্তান নিশ্চিত করে পাঁচ উইকেটের জয়। হাজারতম ওয়ানডেতে দলীয় সাফল্যের পাশাপাশি অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন আরাফাত মিনহাস। তার অলরাউন্ড অবদানেই স্মরণীয় হয়ে থাকল পাকিস্তানের এই বিশেষ দিন।